বিরতির পর প্রথম ম্যাচেই বড় রানের দেখা মিললো জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। প্রথম ম্যাচেই এসেছে চার ফিফটি। ছিল সেঞ্চুরির সম্ভাবনাও, হাবিবুর রহমান সোহানের ব্যাটে আসে ৪৫ বলে ৯৪ রান। তাতে বড় জয় পায় রাজশাহী।
বৃষ্টির কারণে স্থগিত হওয়া এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আজ শুক্রবার আবার শুরু হয়েছে। তবে বগুড়া, রাজশাহী নয়; খেলা হচ্ছে সিলেটে। যেখানে খুলনাকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী।
টসে হেরে আগে ব্যাটিং করা মোহাম্মদ মিঠুনের খুলনা স্কোরবোর্ডে তুলে ৭ উইকেটে ১৭১ রান। জবাবে রাজশাহী এই রান তাড়া করে ৮ উইকেট আর ২৩ বল হাতে রেখেই।
রাজশাহীর হয়ে ফিফটি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। খেলেন ৩৯ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস। শান্ত আর হাবিবুরের ১৪৮ রানের উদ্বোধনী জুটিতেই মূলত রাজশাহীর জয় নিশ্চিত হয়ে যায়।
১০ চার ও ৬ ছক্কায় সাজানো ইনিংসটিকে তিন অঙ্কের ঘরে নিতে পারেননি হাবিবুর। এরপর সাব্বির হোসেন (২) ফিরলেও শান্ত ইনিংসটি শেষ করে আসেন শান্ত। খেলেন ৩৯ বলে ৮ চার ও ২ ছক্কায় করেন ৬৫ রানের ইনিংস।
এর আগে খুলনার ব্যাটিংয়ের শুরুটা ছিল হতাশাজনক। মাত্র ১৩ রানেই তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। তবে চতুর্থ উইকেটে দলের হাল ধরেন সৌম্য সরকার ও আফিফ হোসেন।
৭২ বলের জুটিতে দু’জনে যোগ করেন ১১৭ রান। সৌম্য ছিলেন শুরু থেকেই আক্রমণাত্মক। ফেরার আগে ৩৪ বলে চারটি ছক্কা ও ছয়টি চারে ৬৩ রান করেন তিনি। অন্যদিকে ফিফটি করেন আফিফও।
সৌম্য মেরে খেললেও আফিফ ধীরে-সুস্থে ইনিংস সাজান। তবে ফিফটি করার পর আর ইনিংস বড় হয়নি, ৪৫ বলে ৩টি করে চার ও ছক্কায় তার ইনিংস থামে সমান ৫০ রানে।
শেষ দিকে মেহেদী মিরাজ ৬ বলে ১০ ও নাহিদুল ইসলাম খেলেন ১১ বলে অপরাজিত ১৭ রানের কার্যকর ইনিংস। যাতে খুলনার সংগ্রহ এনে দেয় ৭ উইকেটে ১৭১ রানে। রাজশাহীর হয়ে নিহাদ ২ উইকেট নেন।