জাতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। নেতৃত্ব যদিও তার কাছে নতুন কিছু নয়, তবে পূর্ণ মেয়াদে এবারই প্রথম পেয়েছেন দায়িত্ব। অধিনায়ক লিটনকে সবাই হাসিমুখে গ্রহণ করলেও গলার কাঁটা তার পারফরম্যান্স।

সাদা বলের ক্রিকেটে গত বছরটা যাচ্ছেতাই কেটেছে লিটনের। যেখানে টি-টোয়েন্টিতে ২১ ম্যাচে ১৬ গড়ে ৩০৯ রান করেছেন তিনি। ওয়ানডে পরিসংখ্যান আরো বাজে, ৫ ম্যাচে রান মাত্র ৬।

তবুও নেতৃত্বের দৌড়ে লিটন এগিয়ে গেছেন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ অধিনায়কত্ব করে। তার অধীনে ক্যারিবীয়দের ৩-০ তে ধবলধোলাই করে বাংলাদেশ। তবে সেই সিরিজেও ৫.৬৬ গড়ে মাত্র ১৭ রান করেন তিনি।

সমর্থকদের মনে এই নিয়ে প্রশ্ন থাকলেও সেসব নিয়ে ভাবছেন না জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। আরব আমিরাত সফরকে সামনে রেখে দলের অনুশীলন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে আশ্বস্ত করেন তিনি।

সমালোচনাকে উড়িয়ে দিয়ে অধিনায়ককে সমর্থন করার জন্য সমর্থকদের পরামর্শ দিয়েছেন সালাহউদ্দিন। দাবি করেছেন, লিটনের মাঝে নেতৃত্বের সব গুণই আছে। শুধু সমর্থন পেলে দলকে অনেক দূর নিয়ে যাবেন বলে ধারণা তার।

সালাউদ্দিন বলেন, 'বাংলাদেশ দলের অধিনায়ক মানে পুরো দেশেরই অধিনায়ক। আপনারা হয়তো অনেকেই লিটনকে অপছন্দ করেন। অনেকের হয়তো দেখলেই মাথা গরম হয়ে যায়। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক হওয়া সহজ কাজ নয়। বাইরে থেকে সহজ মনে হলেও এটা অনেক কঠিন কাজ। এবং এজন্য আমাদের সবাইকে সমর্থন করতে হবে।'

তিনি আরো বলেন, ‘অধিনায়ক হওয়ার জন্য যেসব গুণ দরকার, দলকে উদ্বুদ্ধ করা, পরিকল্পনা ঠিক করা- আমি মনে করি এসব তার মাঝে ভালোভাবেই আছে এবং সে চেষ্টা করছে এই দলটাকে কিভাবে সামনে এগিয়ে নেয়া যায়।’

সালাউদ্দিন আরো বলেন, ‘আমরা যারা বাইরে আছি বা যারা বোর্ডে আছেন, তারা কিন্তু দল চালাবে না। চালাবে লিটন, আমরা যারা বাইরে আছি তারা সবাই সহযোগী। তাই তাকে সেই স্বাধীনতাটা দিলে আমার মনে হয় সে ভালো করবে।'

এই সময় লিটনের পাশে থাকার জন্য সবাইকে পরামর্শ দিয়ে সালাউদ্দিন বলেন, 'একজন নেতা কিন্তু বানানো যায় না, এটা সহজাত প্রবৃত্তি। সবাই নেতা হতে পারে না। অধিনায়কত্ব যখন কেউ করে, তখন সে পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।’

লিটনের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘লিটন খুবই ভালো টেকনিশিয়ান। ফিল্ড প্লেসমেন্ট এবং বোলারের শক্তি সম্পর্কে তার ভালো ধারণা আছে। প্রতিপক্ষ সম্পর্কে সে খুব ভালোভাবে বিশ্লেষণ করে। কিভাবে ফিল্ড সাজাতে হবে, ব্যাটিং-বোলিং কাকে দিয়ে করাতে হবে, উইকেটের ধরন- সবকিছু নিয়ে তার ভালো ধারণা আছে।’

লিটনের ছন্দহীনতা নিয়েও কথা বলেছেন। জানান খুব দ্রুত লিটন রানে ফিরবে বলে আশাবাদী তিনি। বলেন, ‘তার দুর্বলতা বলতে যেহেতু সে কিছুদিন রান করেনি, সেহেতু আপাতত সেক্ষেত্রে তার দুর্বলতা আছে। তবে আমি মনে করি এটা থেকে সে বেরিয়ে আসবে।'

এই সময় সাকিব আল হাসানের নেতৃত্বের সাথে লিটনকে মিলিয়ে সালাহউদ্দিন বলেন, 'লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি। কথা কম বলে, আপনাদের সাথেও হয়তো কথা কম বলে। যারা কাছ থেকে মিশি তাদের হয়তো এই ভুল ধারণা নেই।’

‘এই ভুল ধারণা আপনাদের সাকিবকে নিয়ে ছিল। তাদের দেখে মনে হবে যে অনেক কিছু তারা ঠিকমতো করে না। কিন্তু একজন টিম লিডার হিসেবে তার যতটুকু করার তার থেকে বেশি করে।'

উল্লেখ্য, আগামী ১৫ তারিখ আরব আমিরাতে সফরে যাবার কথা বাংলাদেশের। সেখানে ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে।