দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়েছে নেপাল। পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে অনন্য কীর্তি গড়েছে হিমালয়ের দেশটি। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে রোহিত পাউডেল নেতৃত্বাধীন দলটি।

গত শনিবার শারজায় সিরিজের প্রথম ম্যাচে জয় পায় নেপাল। ৪৮ ঘণ্টার ব্যবধানে সোমবার দ্বিতীয় ম্যাচে ৯০ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় তারা। টসে জিতে প্রথমে ব্যাট করে নেপাল ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৩ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় মাত্র ৮৩ রানে, ১৭.১ ওভারে অলআউট হয়ে যায় তারা।

নেপালের ব্যাটিং শুরুটা ছিল চাপে। ৬.৪ ওভারে দলীয় ৪৩ রানে তিন ব্যাটার- কুশল বুথট্রেল, অধিনায়ক রোহিত পাউডেল ও কুশাল মাল্লা- প্যাভিলিয়নে ফেরেন। তবে এরপর চতুর্থ উইকেটে আসিফ শেখ ও সন্দ্বীপ জরা ৬৬ বলে ১০০ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। সন্দ্বীপ জরা ৩৯ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬৩ রান করে আউট হন। আসিফ শেখ ৪৭ বলে ৮ চার ও ২ ছয়ে অপরাজিত ৬৮ রান করেন।

ক্যারিবীয়দের হয়ে আকিল হোসেন ও কাইল মেয়ার্স দু’টি করে উইকেট নেন।

রান তাড়ায় নেমে শুরু থেকেই ছন্দহীন ছিল ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৬ রান। দশম ওভারে স্কোর দাঁড়ায় ৩৮/৪। শেষ পর্যন্ত ৮৩ রানে থেমে যায় তাদের ইনিংস। দলের সর্বোচ্চ ২১ রান আসে জেসন হোল্ডারের ব্যাট থেকে। আমির জাঙ্গু করেন ১৬ রান।

নেপালের আদিল আলম ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন। ব্রুটেল ১৬ রানে ৩ উইকেট শিকার করেন।

এর আগে, নেপাল আটটি সিরিজ খেললেও কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার খেলতে নেমেই সিরিজ জয় তাদের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি বড় ধাক্কা ও লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে।