ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব নেয়ার পর নতুন কিছুর স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকেরা। প্রত্যাশায় বুক বেঁধেছিল, আশা ছিল দিন বদলের। তবে সময়ের সাথে হতাশা বাড়ছে তাকে নিয়ে, নানা কারণে হচ্ছেন প্রশ্নবিদ্ধ।

মাঠের ক্রিকেটে যেমন সময় ভালো যাচ্ছে না, মাঠের বাইরেও যেন সব এলোমেলো। ঘরোয়া ক্রিকেট, বিপিএল নিয়েও হয়েছে তুঘলকি কাণ্ড।

নানা বিতর্কে খবরের শিরোনামে আসছেন ফারুক আহমেদ। বোর্ডের অর্থ স্থানান্তর, বিদেশে অর্থ পাচার, ব্যক্তিগত জমি কেনা ছাপিয়ে বড় অভিযোগ- বিগত স্বৈরাচারী সরকার সংশ্লিষ্টদের সাথে নাকি আছে তার বেশ জানাশোনা।

সম্প্রতি ফারুককে নিয়ে এমনি নানা রকম নেতিবাচক আলোচনা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে বিষয়গুলো অস্বীকার করেছেন বিসিবি সভাপতি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।

গতকাল (শনিবার) তৃতীয় বিভাগ বাছাইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গগুলো টেনে ফারুক আহমেদ বলেন, ‘এসব বানানো। আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নেই।’

‘যদি সম্পর্ক থাকত, আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু এই নতুন সরকারের সময়ের। নতুন সরকার যদি দেখত বিন্দুমাত্র সংশ্লিষ্টতা আছে আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না আজকে’, যোগ করেন ফারুক।

এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে আসা এসব আলোচনাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে মনে করেন তিনি। সব ঠিক থাকলে আগামী অক্টোবরে হওয়ার কথা বিসিবির নির্বাচন। ফারুকের দাবি সেই নির্বাচনকে সামনে রেখেই এসব ছড়াতে পারে প্রতিপক্ষরা।

ফারুক বলেছেন, ‘ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে অনেকের অনেক ইন্টারেস্ট। তারাও হতে পারে। ভালো কাজগুলো নিচে পড়ে যায় এসব বাইরের প্রভাবে। আমরা ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজেরও সমালোচনা হবে।’