শেন ওয়ার্নের মৃত্যু ঘিরে নয়া রহস্য সামনে এলো। বিস্ময়কর তথ্য প্রকাশ করলেন তার ছেলে। জ্যাক ওয়ার্ন দাবি করেছেন, তার বাবার মৃত্যুর জন্য দায়ী কোভিড-১৯ ভ্যাকসিন।
২০২২ সালে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শেন ওয়ার্ন। সে সময় তার মৃত্যুর কারণ নিয়ে অনেক প্রশ্ন ওঠে, তৈরি হয় বেশ বিতর্ক।
যদিও সরকারি ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, তিনি স্বাভাবিক কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে পুলিশের বিরুদ্ধে কিছু প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে।
জানা যায়, যৌনক্ষমতা বৃদ্ধিকারী একটি ওষুধের বোতল ওয়ার্নের দেহের পাশে পাওয়া যায়। কিন্তু তদন্তকারীদের সেই বোতল সরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল।
পুলিশের রিপোর্টেও ওই বোতলের কোনো অস্তিত্ব ছিল না। যদিও পরে এক পুলিশকর্মী বিষয়টি ফাঁস করে দিয়ে জানান, ‘সিনিয়রেরা বলেছিল বোতলটা সরিয়ে দিতে। উপরমহল থেকে নির্দেশ এসেছিল।’
সেই বিতর্ক শেষ হতে না হতেই নতুন এক তথ্য সামনে আনলেন ওয়ার্ন পুত্র জ্যাকসন ওয়ার্ন। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, ‘আমি নিশ্চিতভাবেই মনে করি ভ্যাকসিন এর জন্য দায়ী ছিল।’
তার দাবি, যদি তার বাবার কোনো অন্তর্নিহিত শারীরিক সমস্যা থেকেও থাকে, ভ্যাকসিন সেটিকে বাড়িয়ে দিয়েছে।
তিনি আরো জানান, বাবার মৃত্যুর পরপরই তিনি সরকার ও ভ্যাকসিনকে দায়ী করেন। এমনকি রাষ্ট্রীয় স্মরণসভায়ও তিনি এই অভিযোগ প্রকাশ করতে চেয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত বিরত থাকেন।
ভ্যাকসিন প্রসঙ্গে তিনি জানান, তার বাবা তিন বা চারটি ডোজ নিয়েছিলেন। ভ্যাকসিন নিতে খুব আগ্রহী না থাকলেও কাজের প্রয়োজনে বাধ্য হয়েই ওয়ার্নকে টিকা নিতে হয় বলে দাবি তার।
বাবার জীবনযাপন নিয়েও কথা বলেন জ্যাকসন। তিনি স্বীকার করেন যে শেন ওয়ার্ন ধূমপান ও মদ্যপান করতেন। তবে এটিকে তিনি সাধারণ অভ্যাস হিসেবেই দেখেন।
তার মতে, ‘অনেক মানুষই এসব অভ্যাস নিয়েও দীর্ঘদিন বেঁচে থাকেন। আমার কাছে মনে হয়েছে, বাবা তখন ভালো অবস্থায়ই ছিলেন।’
উল্লেখ্য, শেন ওয়ার্ন তার ক্যারিয়ারে ১৪৫টি টেস্ট ও ১৯৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০১টি উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৭০৮, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।