আইপিএল চলাকালীন সময়ে হঠাৎ দল ছাড়েন কাগিসো রাবাদা। দেশে ফেরেন তিনি। এরপর জানা যায় মাদক গ্রহণ করায় নিষিদ্ধ হয়েছেন এই পেসার। তবে শেষ হয়েছে তার নিষেধাজ্ঞা, মাঠে ফিরছেন সহসাই।
মাদক গ্রহণ করে তার পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে নেয়া আসা হয় এক মাসে। সেই পেরিয়ে যাওয়া ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন এই দক্ষিণ আফ্রিকান। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আগামী ম্যাচেই মাঠে ফিরতে পারেন চলতি আসরে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেলা রাবাদা।
দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে এমআই কেপটাউনের হয়ে খেলেছিলেন রাবাদা। সেখানে ২১ জানুয়ারি কেপ টাউন ও ডারবান সুপার জায়ান্টসের ম্যাচের পর ডোপ টেস্টে ব্যর্থ হন। ১ এপ্রিল ফলাফল হাতে পান তিনি।
ওই সময় গুজরাটের হয়ে আইপিএল খেলছিলেন রাবাদা। ডোপ টেস্টের ফলাফল পাওয়ার পর আইপিএল ছেড়ে দেশে ফেরেন রাবাদা।
তবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন রাবাদা। এরপর অবশ্য রাবাদা নিজেই স্বীকার করেন নিষিদ্ধ মাদক নিয়ে নিষিদ্ধ হওয়ার কথা।
বিবৃতিতে রাবাদা বলেছিলেন, ‘আমি ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকা ফিরে গিয়েছি, এমন কিছুই জানানো হয়েছিল। সেই কারণটা হলো নেশাজাতীয় মাদক পরীক্ষায় আমার পজিটিভ হওয়া। আমার কারণে যাদের মাথা নত হয়েছে, যারা বিপদে পড়েছে, তাদের সবার কাছে করজোড়ে দুঃখপ্রকাশ করছি। আমি এখন সাময়িক নিষেধাজ্ঞা কাটাচ্ছি। প্রিয় খেলাটায় ফিরতে উন্মুখ হয়ে আছি।’
প্রাথমিকভাবে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল তাকে। যদিও আইসিসির সব নিয়ম মেনে চলায় পরবর্তীতে সেটা কমিয়ে নিয়ে আসা হয় এক মাসে। আর ইতোমধ্যে তা শেষও হয়েছে।
নিষেধাজ্ঞার মেয়াদ এক মাস পেরিয়ে যাওয়ায় মাঠের ক্রিকেটে ফেরার অনুমতি পেয়েছেন ডানহাতি এই পেসার। আজ মঙ্গলবার মুম্বাইয়ের বিপক্ষেই গুজরাটের হয়ে মাঠে ফিরতে পারেন রাবাদা।