দিনের শুরুটা ভালোই হলো বাংলাদেশের। শুক্রবার চতুর্থ দিনের খেলায় নেমে স্বাগতিকদের পরপর ২ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। যদিও এখনো গলার কাঁটা হয়ে আছেন কামিন্দু মেন্ডিস।

৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে শুক্রবার গল টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস ৩৭ ও ধনঞ্জয়া ডি সিলভা মাঠে আসেন ১৭ রানে। তবে মাত্র ৯ রান যোগ হতেই এদিন পঞ্চম উইকেট হারায় স্বাগতিকেরা।

৩৬ বলে ১৯ রানে ফেরেন ধনঞ্জয়া। নাইম হাসানের শিকার তিনি। সাত নম্বরে মাঠে এসে সুবিধা করতে পারেননি কুশল মেন্ডিসও, ১৭ বলে ৫ করে হাসান মাহমুদের শিকার হোন।

৩৮৬ রানেই ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। আশা দেখতে পারে বাংলাদেশ। তবে কামিন্দু এখনো ভোগাচ্ছেন, ফিফটি তুলে নিয়ে রান বাড়াচ্ছেন গতির সাথে। ১০২ বলে ৬৪ রানে ব্যাট করছেন তিনি।

মিলন রত্নানায়েকের সাথে মিলে দলকে পার করেছেন চার শ’ রানের গণ্ডি। মিলন ব্যাট করছেন ৬ রানে। শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৪১৪ রান। বাংলাদেশের করা লিড ভাঙতে চাই ৮১ রান।