ধোঁয়াশা থাকলেও ঠিক সময়েই আরব আমিরাতের উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দু’ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যেই দেশ ছেড়েছেন শেখ মেহেদী, জাকের ও রিশাদরা।
বুধবার (১৪ মে) পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দু’দফায় আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল। সকালের ফ্লাইটে দেশ ছাড়ছেন প্রধান কোচ ফিল সিমন্সসহ দলের ১৭ সদস্য। আছেন সহ-অধিনায়ক শেখ মেহেদীও।
তাছাড়া জাকের আলি, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনদের দেখা যায় হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
জানা গেছে, বিকেলে বিমানে চড়বেন আরো সাত জন। যেখানে সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সাথে থাকবেন অধিনায়ক লিটন দাস, মোস্তাফিজুর রহমানরা।
আগামী ১৭ মে থেকে আরব আমিরাতের বিপক্ষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচ ১৯ মে। দু’টো ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এই সিরিজের জন্য কয়েকদিন আগেই স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ। অধিনায়কত্ব দেয়া হয় লিটন দাসকে। আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ মেহেদী।
এদিকে ভারত-পাকিস্তান যুদ্ধপরিস্থিতির কারণে শঙ্কায় বাংলাদেশের সাথে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। যদিও এখনো সিরিজটি আয়োজনের পক্ষেই বলছে পিসিবি। তবে জানা গেছে, হেরফের হতে পারে সূচিতে।
পাকিস্তানে বাংলাদেশের প্রথম ম্যাচ খেলার কথা ছিল ২৫ জুন। তবে স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আবার শুরু করতে গিয়ে, আসরের ফাইনালের সূচি পড়েছে ২৫ জুন। ফলে সূচিতে পরিবর্তন আসা অনেকটা নিশ্চিত।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।