ওয়ানডে অভিষেকেই প্রশ্নবিদ্ধ প্রেনেলান সুব্রায়েন। তার বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে সুব্রায়েনকে।

কেয়ার্নসে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে কেশব মহারাজের ঘূর্ণিতে ৯৮ রানে হেরে যায় অজিরা। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যায় প্রোটিয়ারা।

এই ম্যাচ দিয়েই ওয়ানডেতে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকান স্পিনার প্রেনেলান সুব্রায়েনের। আঁটসাঁট বোলিংয়ে ১০ ওভারে দেন ৪৬ রান, উইকেট পান ১টি। সেই উইকেট ছিল বেশ গুরুত্বপূর্ণ।

২৯৭ রান তাড়া করতে নামা অস্ট্রেলিয়া ৭ ওভারে বিনা উইকেটে ৬০ রান করার পর সুব্রায়েনই দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন। তার দ্বিতীয় ওভারের প্রথম বলে স্টাম্পড হয়ে যান ট্রাভিস হেড।

এর মাঝেই সুব্রায়েন পেলেন বড় দুঃসংবাদ। এই অফ স্পিনারের বোলিং অ্যাকশন ম্যাচ অফিশিয়ালদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। দুই আম্পায়ার ক্রিস গ্যাফানি ও স্যাম নোগাইস্কি এই নিয়ে প্রতিবেদন দেন।

ম্যাচ রেফারির কাছে তাদের প্রতিবেদনে সুব্রায়েনের অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আম্পায়াররা। সুব্রায়েনকে এখন আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে।

তবে পরীক্ষার ফল পাওয়ার আগে তিনি বোলিং চালিয়ে যেতে পারবেন। তবে দেখার বিষয় সন্দেহভাজন সুব্রায়েনকে পরের দুই ওয়ানডেতে রাখে কি না প্রোটিয়ারা।