বল হাতে ৫ উইকেট নিয়েছিলেন আগেই, ব্যাট হাতেও উঠেছিলেন জ্বলে। শনিবার ওল্ড ট্রাফোর্ড টেস্টের চতুর্থ দিনে এসে ছুঁয়েছেন সেঞ্চুরি; গড়েছেন অনন্য এক রেকর্ড। অন্যদিকে একটু চাপেই আছে ভারত।
ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে ভারতের ৩৫৮ রানের বিপরীতে ইংল্যান্ডের ইনিংস থামে ৬৬৯ রানে। ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত চতুর্থ দিন
শেষ করে ২ উইকেটে ১৭৪ রান নিয়ে।
তবে শনিবার দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো ছিল না ভারতের, প্রথম ওভারে কোনো রান তোলার আগেই ভারত হারিয়ে ফেলল ২ উইকেট। ক্রিস ওকস টানা দুই বলে তুলে নেন যশস্বী জয়সাওয়াল ও সাই সুদর্শনকে।
এরপর ভারতকে লড়াইয়ে ফেরান অধিনায়ক শুভমান গিল ও লোকেশ রাহুল। দু’জনে নিরাপদে শেষ করেন দিন, আর কোনো সুযোগ দেননি স্বাগতিকদের। ১৭৪ রানের সবটাই তাদের জুটিতে।
দু’জনেরই আছে শতকের সম্ভাবনা। লোকেশ রাহুল ৮৭ ও শুভমান গিল অপরাজিত আছেন ৭৮ রানে। লিড ভাঙতে ভারতের এখনো চাই ১৩৭ রান।
এর আগে, শনিবার ৭ উইকেটে ৫৪৪ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। এরপর আরো ১২৫ রান করে অলআউট হয় তারা। ৭৭ রান নিয়ে দিন শুরু করা বেন স্টোকস পেয়ে যান সেঞ্চুরি।
দুই বছর পর প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন তিনি।একই ম্যাচে ইনিংসে ৫ উইকেট ও সেঞ্চুরির যুগল কীর্তি গড়া স্টোকস ১৪১ রান করে ফিরেন নবম ব্যাটসম্যান হিসেবে।
এর আগে, ১০ নম্বর ব্যাটসম্যান ব্রাইডন কার্সকে (৪৭) নিয়ে দশম উইকেটে ৯৫ রান যোগ করেন স্টোকস। তাছাড়া ২৬ রান করেন লিয়াম ডসন। ভারতের হয়ে জাদেযা নেন ৪ উইকেট।