অদ্ভুতুড়ে এক ঘটনা ঘটল লঙ্কান ক্রিকেটে। ইনিংস উদ্বোধন করতে দুই ডানহাতি ব্যাটার দেখা গেল প্রায় তিন দশক পরে। আজ বৃহস্পতিবার পাথুম নিশানকা ও লাহিরু উদানা ব্যাট করতে নামতেই দেখা গেল বিরল এই ঘটনা।

গল টেস্টে আজ বাংলাদেশের বিপক্ষে দুই ডানহাতি ব্যাটারকে দিয়ে নিজেদের প্রথম ইনিংস শুরু করে লঙ্কানরা। ওপেন করতে আসেন দুই ডানহাতি ব্যাটার লাহিরু উদারা ও পাথুম নিশনকা।

দুই ডানহাতির ওপেনিং জুটি অবশ্য বেশিক্ষণ টেকেনি। ৪৭ রানের জুটি ভেঙে লাহিরু উদারা ফিরে গেছেন ২৯ রান নিয়ে, তাইজুল ইসলামের শিকার হয়ে। নিশানকা অবশ্য এখনো আছেন মাঠে, ব্যাট করছেন ১২৬ রানে।

শেষবার এমন ঘটনা ঘটেছিল ১৯৯৫ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ‘বক্সিং ডে’ টেস্টে। ওই ম্যাচে শ্রীলঙ্কার হয়ে ইনিংস শুরু করেছিলেন রোশন মহানামা ও চন্ডিকা হাথুরুসিংহে।

এরপর শ্রীলঙ্কা ক্রিকেটে উদ্বোধনী জুটিতে দুই ডানহাতি আর দেখা যায়নি। অথচ দীর্ঘ এই ৩০ বছরে শ্রীলঙ্কা টেস্ট খেলেছে ২৬০টি, ইনিংস ৪৭৯টি। যেখানে ভিন্ন ৫৫টি উদ্বোধনী জুটি দেখা গেলেও ঘটনার পুনরাবৃত্তি হয়নি।

অথচ শেষ কয়েক দশকে লঙ্কান ক্রিকেটে আইকনিক সব ওপেনারের উত্থান হয়েছে। সনৎ জয়াসুরিয়া থেকে শুরু করে উপুল থারাঙ্গা… তালিকাটা নেহায়েত ছোট নয়। তবে দুই ডানহাত আর দেখা মেলেনি।