অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। গল টেস্টে লিড পেয়েছে টাইগাররা। যদিও বড় নয়, তবে ১০ রানের ছোট এই লিডটাও স্বস্তির। এগিয়ে থেকেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে টাইগাররা।

বাংলাদেশকে লিড ধরে রাখতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হতো। যেমনটা করেছিল স্বাগতিক বোলাররা। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৪৫৮ রান করা বাংলাদেশকে ৪৯৫ রানেই গুটিয়ে দেয় তারা।

অর্থাৎ বাংলাদেশ শেষ ৬ উইকেট হারায় মাত্র ৩৮ রান যোগ হতেই। এবার টাইগাররাও দেখাল বোলিং ঝলক, ১৫ রানের মাঝে শ্রীলঙ্কার শেষ ৪ উইকেট তুলে নিয়ে বের করে নিয়েছে লিড।

অথচ ৬ উইকেটে ৪৭০ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের ৪৯৫ রান স্পর্শ করতে তাদের চাই আর মাত্র ২৫ রান, মাঠে ছিলেন সেঞ্চুরির পথে থাকা কামিন্দু মেন্ডিস ও দারুণ ব্যাট করতে থাকা মিলন রত্নানায়েকে।

সেখানেই ঘূর্ণি জাদু দেখালেন নাইম হাসান। প্রথম মিলনকে হাসান মাহমুদ ফিরিয়ে ভাঙেন ১৫৩ বলে ৮৪ রানের জুটি। মিলন ফেরেন ৮৩ বলে ৩৯ করে। এরপর জোড়া আঘাত করেন নাইম।

একই ওভারে ফেরান কামিন্দু ও থারিন্দু রত্নানায়েককে। গলার কাঁটা হয়ে উঠা কামিন্দু ফেরেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১৪৮ বলে ৮৭ রান করে। থারিন্দু রানের খাতা খুলতে পারেননি।

৪৭০-৪৭১; ১ রানের ভেতর ৩ উইকেট তুলে নিয়ে লিডের স্বপ্ন জাগিয়ে তুলে বাংলাদেশ। এরপর প্রবাথ জয়সুরিয়া ও আসিথা মিলে আরো ১৪ রান যোগ করে ফেলেন। তবে আসিথাকে (৪) ফিরিয়ে ইনিংসের সমাপ্তি টানেন নাইম।

আসিথাকে ফেরানোর মাধ্যমে ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট পেলেন নাইম হাসান। যা দেশের বাহিরে প্রথমবার। ৩ উইকেট নেন হাসান মাহমুদ।