কিউইদের দাঁড়াতেই দিলো না বাংলাদেশ। টাইগার বোলারদের তোপে রীতিমতো বিধ্বস্ত তারা। পঞ্চাশ পেরোতেই হারিয়ে ফেলে ৮ উইকেট। যদিও শেষ দিকে ডেন ফক্সক্রফ্টরের দারুণ ব্যাটিংয়ে দেড় শ’র কাছাকাছি পৌঁছায় স্কোর।
৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ সোমবার সিলেটে নিউজিল্যান্ড এ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ এ দল। যেখানে টসে জিতে আগে ব্যাট করে ৩৪.৩ ওভারে মাত্র ১৪৭ রানে গুটিয়ে যায় কিউইরা।
শুরুটা করেন দুই পেসার খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম। মাত্র ১৩ রানে দু’জন মিলে তুলে নেন ৪ উইকেট। এরপর যোগ দেন এবাদত হোসেন আর তানভীর ইসলাম। ৬২ রানে ৮ উইকেট হারায় নিউজিল্যান্ড।
প্রথমে ডেল ফিলিপসকে ডাক বানিয়ে প্যাভিলিয়নে ফেরান শরিফুল ইসলাম। তিনে নামা ম্যাট বয়েলকেও ০ রানে ফেরান খালেদ। এক বল পর তার শিকার মোহাম্মদ আব্বাস। রানের খাতা খুলতে পারেননি তিনিও।
এমকি নিউজিল্যান্ড এ দলের অধিনায়ক নিক কেলিও ফেরেন কোনো রান যোগ করার আগে শরিফুলের দ্বিতীয় শিকার হয়ে। অর্থাৎ প্রথম ৪ উইকেটের কেউ পাননি রানের দেখা।
তাদের স্কোরবোর্ডে রান আসতে থাকে ওপেনার রাইস মারিউর কল্যানে। জশ ক্লার্কসনকে নিয়ে তিনি যোগ করে ফেলেন ৩৫ রান। তাদের জুটি ভাঙেন এবাদত হোসেন। এরপর মারিউকে ফেরান তানভীর। ৪২ রান করেন তিনি।
এরপর তানভীরের ঘূর্ণিতে দ্রুত আরো কয়েকটা উইকেটের পতন হয়। কেউই পারেননি দুই অংকের ঘরে যেতে। ৬২ রানে ৮ উইকেট হারানোর পর হাল ধরেন ফক্সক্রফট। তার প্রচেষ্টাতেই ১৪৭ পর্যন্ত পৌঁছায় কিউইরা।
৬৪ বলে একাই করেন ৭২ রান। শেষ উইকেট জুটিতে আসে ৬২। তানভীর ও খালেদ নেন ৩টি করে উইকেটে। জোড়া উইকেট নেন এবাদত ও শরিফুল ইসলাম।