পুরোদমে প্রস্তুতির ঘাটতি যদিও রয়ে গেল, তবে বিশ্বকাপ শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার উপলক্ষ পেল বাংলাদেশ। রোমাঞ্চকর লড়াই শেষে শ্রীলঙ্কাক ১ রানে হারিয়েছে বাংলার মেয়েরা।
বিশ্বকাপের আগে সাড়ে পাঁচ মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। প্রস্তুতিতে ঘাটতি নিয়েই ছাড়ে দেশ। সুযোগ ছিল আসর শুরুর আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার, সেখানেও প্রথম ম্যাচটা গড়ায়নি বৃষ্টিতে।
তাই দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তিন বিভাগে নিজেদের ঝালিয়ে নিতে উন্মুখ ছিল বাংলাদেশ। নিগার সুলতানাদের সেই চাওয়া পূরণ হলো বেশ ভালোভাবেই। জমজমাট লড়াইয়ের পর এসেছে জয়ও।
শনিবার কলম্বোতে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৪২ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। এরপর সেই রান তাড়া করতে নামা শ্রীলঙ্কাকে ম্যাচের শেষ বলে গুটিয়ে দিয়েছে ২৪১ রানে।
ব্যাট করতে নেমে ফারজানা হক ১ রানে ফিরলেও, দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়েন রাবেয়া হায়দার ও শারমিন আক্তার। ৫৫ বলে ৩৩ রান করে রাবেয়ার বিদায় নিলে ভাঙে জুটি।
এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি বাংলাদেশ। দ্রুত ফেরেন সোবহানা মুস্তারি। থিতু হয়ে ফেরেন অধিনায়ক নিগার সুলতানা, তিনি করেন ৩০ বলে ২০ রান।
দলের রান দেড় শ’ ছোঁয়ার আগেই বিদায় নেন শারমিন। ১০১ বলে ৭ চারে ৭১ রান করেন এই টপঅর্ডার ব্যাটার। দ্রুত ফেরেন স্বর্ণা আক্তার। এরপর সুমাইয়া আক্তার ও ফাহিমা খাতুনের ব্যাটে আড়াই শ’ রানের কাছাকাছি যায় বাংলাদেশ।
৪২ বলে ৩৮ রান করেন সুমাইয়া। ৩৫ বলে ২৬ রানে অপরাজিত থাকেন ফাহিমা।
রান তাড়ায় লঙ্কানদের টপঅর্ডার ভালো করতে পারেনি। ৮৬ রানের ভেতর ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে তারপর বড় জুটি পায় স্বাগতিকরা। ৯৮ রানের ওই জুটি ভাঙে কাভিশা দিলহারি ৬৩ করে হিট আউট হলে।
এরপর দ্রুত কিছু উইকেট হারালেও একপ্রান্ত আগলে ৭৫ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কাকে জয়ের পথে এগিয়ে নেন নিলাকশিখা সিলভা। ৪৯তম ওভারে নাহিদা তাকে ফেরালে ম্যাচে ফেরে বাংলাদেশ।
শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল শ্রীলঙ্কার। তবে ৮ রান তুলতেই শেষ ২ উইকেট হারিয়ে শেষ বলে অলআউট হয় শ্রীলঙ্কা। তাদের ইনিংস থামে ২৪১ রানে। ফলে ১ রানের রুদ্ধশ্বাস জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে ২৮ রান খরচ করে ৩টি উইকেট নেন নাহিদা। মারুফা ও ফাহিমা নেন ২টি করে উইকেট।