খবর বেরিয়ে ছিল আগেই। ক্রিকেট পাড়ায় বেশ কিছুদিন যাবত শোনা যাচ্ছিলো শন টেইট আসছেন। তবে বিষয়টা নিয়ে চুপ ছিল বিসিবি। তবে অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা।
সোমবার এক বিবৃতি দিয়ে টেইটকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানায় চলতি মাসের শেষে দিকে দলের যোগ দেবেন টেইট। কাজ করবেন ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় বোলারদের একজন শন টেইট। সাবেক এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার এবার যোগ দেবেন টাইগার শিবিরে। তাসকিন-শরিফুলদের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
সোমবার দুপুরে প্রথমে এক বিবৃতিতে আন্দ্রে অ্যাডামসের সাথে চুক্তি বাতিলের বিষয়ে জানায় বিসিবি। এরপর আরেজ বিবৃতি দিয়ে জানায় শন টেইটের নিয়োগের খবর।
খেলোয়াড়ি জীবনে গতির জন্য বেশ খ্যাতি ছিলেন টেইট। অস্ট্রেলিয়ার হয়ে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি। ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলেরও সদস্য ছিলেন টেইট।
খেলা ছাড়ার পর টেইট কাজ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাথে। ২০২২ সালে দলটার পেস বোলিং কোচ ছিলেন তিনি। অভিজ্ঞতা আছে বিপিএলেরও। সর্বশেষ আসরে ছিলেন চিটাগং কিংসের প্রধান কোচ।