মিরাজের সম্ভাবনা আগেই ছিল, মনোনয়ন পেয়েই উঠে এসেছিলেন আলোচনায়। এবার সাকিব আল হাসানের পাশে নাম লেখালেন মেহেদী মিরাজ। তৃতীয় বাংলাদেশী (পুরুষ) ক্রিকেটার হিসেবে পেলেন মাস সেরার পুরস্কার।
জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে পেছনে ফেলে আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার জিতেছেন মেহেদী মিরাজ। এপ্রিল মাসে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করার স্বীকৃতি পেলেন তিনি।
আইসিসি বুধবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হিসেবে তার নাম প্রকাশ করে। ক্যারিয়ারে প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন মিরাজ।
২০২১ সাল থেকে এভাবেই মাসসেরা খেলোয়াড়কে পুরস্কৃত করে আসছে আইসিসি। মিরাজের আগে এই পুরস্কার আছে কেবল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের। নারী ক্রিকেটে জেতেন নাহিদা আক্তার।
নারী-পুরুষ মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের তিন ক্রিকেটার চারবার আইসিসির মাসসেরা হয়েছেন। ২০২১ সালের মে মাসে প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার জেতেন মুশফিকুর রহিম।
এরপর সাকিব আল হাসান জিতেছেন দু’বার। ২০২১ সালের জুলাইয়ে ও ২০২৩ সালের মার্চে। এরপর পুরুষ ক্রিকেটে আর এই পুরস্কার আসেনি। আর ২০২৩ সালের নভেম্বরে জেতেন নাহিদা আক্তার।
গত এপ্রিলে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দু’ম্যাচের টেস্ট সিরিজ দারুণ পারফর্ম করেন মিরাজ। তার নৈপুন্যে সিরিজটি বাংলাদেশ ১–১ এ ড্র করে। যেখানে শেষ ম্যাচের সেরা ও সিরিজ সেরার পুরস্কার জেতেন মিরাজ।
একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেট নেয়ার রেকর্ডও গড়েন তিনি। দু’ম্যাচ মিলিয়ে ৩৮ দশমিক ৬৬ গড়ে করেন ১১৬ রান, ১১ দশমিক ৮৬ গড়ে উইকেট শিকার করেন ১৫টি। যা তাকে এনে দেয় মাস সেরার মনোনয়ন। এবার জিতেও গেলেন তিনি।