অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি ডিভিশন ওয়ান ক্লেঞ্জো গ্রুপ শিল্ডের টি-টোয়েন্টি লিগে উইলিয়ামস ল্যান্ডিং এসসির বোলারদের ওপর রীতিমতো ঝড় বয়ে দিয়েছেন নেদারল্যান্ডস জাতীয় দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

ইনিংসে ছিল ২৩ ছক্কা আর ১৪ চার! ৮১ বলে করেন অপরাজিত ২২৯ রান। স্ট্রাইকরেট ছিল ২৮২। অবিশ্বাস্য এই কীর্তিতে ক্রিকেটের অনেক ইতিহাস বদলে যেত, ম্যাচটা যদি স্বীকৃত ক্রিকেট হতো।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সাব-অর্বস চার্চেস অ্যান্ড কমিউনিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে ভিক্টোরিয়ার আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন এডওয়ার্ডস।

২৩ বলে ফিফটি করেন এডওয়ার্ডস। ১১তম ওভারে করেন সেঞ্চুরি, ১৭তম ওভারে ছুঁয়ে ফেলেন ১৫০। শেষ চার ওভারে তার ব্যাট থেকে আসে ১৪টি বাউন্ডারি- যার ১২টিই ছক্কা।

এদিকে ১৬ ওভার শেষে যেখানে দলীয় সংগ্রহ ছিল ২ উইকেটে ২১২, ২০ ওভার শেষে স্কোর তিন শ’ পেরোয়। শেষ পর্যন্ত তার অপরাজিত ২২৯ রানে দলের স্কোর দাঁড়ায় ৩০৪ রান।

ম্যাচে আলটোনা জেতে ১৮৬ রানে। ৩০৪ রান তাড়া করতে নেমে উইলিয়ামস ল্যান্ডিং থামে ১১৮ রানে, যা এডওয়ার্ডসের ইনিংসের অর্ধেকেরও কম।

এই টুর্নামেন্টের ম্যাচকে স্বীকৃত টি-টোয়েন্টি হিসেবে ধরা না হওয়ায় ডাবল সেঞ্চুরি করেও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙা হয়নি এডওয়ার্ডসের। যে কারণে ২০১৩ আইপিএলে ক্রিস গেইলের খেলা ১৭৫* রানের ইনিংসই টি-টোয়েন্টিতে এখনো সর্বোচ্চ।