জাতীয় দলে হয়ত ফেরার সুযোগ নেই, তবে নিজেকে ক্রিকেটের সাথেই ব্যস্ত রাখছেন সাকিব আল হাসান। ব্যস্ততা বেড়েছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে। সামনে অপেক্ষা করছে আরো কঠিন সময়।
সেই সময়ের জন্যে নিজেকে প্রস্তুত করতে প্রস্তুতিতে ঘাটতি রাখছেন না সাকিব। এই মুহূর্তে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে, সেখানেই মত্ত হয়েছেন অনুশীলনে। শোনা যাচ্ছে, এরপর অনুশীলন করতে যাবেন ইংল্যান্ডে।
বিপিএলে হয়ত তাকে আর দেখা যাবে না। তবে এই সুযোগে আইএল টি-টোয়েন্টি ও এসএ টি-টোয়েন্টিতে খেলতে পারেন সাকিব। সেখানে ভালো করতে চেষ্টার কমতি রাখছেন না। ফিটনেস নিয়েও করছেন কাজ।
নিউইয়র্কে করছেন পাঁচ দিনের ফিটনেস ট্রেনিং, এরপর ইংল্যান্ডে অনুশীলন করবেন ১০ দিন। জানা গেছে, ক্লাব সারেতে কোনো কোচেরের অধীনে সারবেন প্রস্তুতি।
সম্প্রতি আমেরিকার নিউইয়র্কে গিয়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ নিহাদ-উজ-জামান। সেখানে সাকিবের সাথে দেখা করেছেন তিনি।
এরপর স্থানীয় এক গণমাধ্যমের সাথে আলাপকালে নিহাদ বলেন, ‘সাকিব ভাই ফিটনেস নিয়ে অনেক সিরিয়াস। রানিং করেন নিয়মিত, নিজের ফিটনেস বা স্কিল নিয়ে অনেক কাজ করছেন। এখন নিউইয়র্কে আছেন সাকিব ভাই। এরপর তিনি ইংল্যান্ডে একটা ফিটনেস ট্রেনিং করবেন।’
পিএসএল দিয়ে দীর্ঘ বিরতি শেষে ক্রিকেটে ফেরার পর খেলেন গ্লোবাল সুপার লিগে, দুবাই ক্যাপিটালসের হয়ে। এরপর অংশ নেন ক্যারিবিয়ান ম্যাক্স সিক্সটি টি-টেন টুর্নামেন্টে। খেলেন মায়ামি ব্লাজের হয়ে।
তবে ক্রিকেটাররা ঠিকমতো পাওনা না পাওয়ায় মাঝপথে বন্ধ হয়ে যায় এই টুর্নামেন্ট। মূলত ক্রিকেটাররাই বিদ্রোহ ঘোষণা করে আসর থেকে সরে যান। এখন ফাঁকা সময় কাটালেও সামনে তার জন্য অপেক্ষা করছে সিপিএল।