বৃষ্টির পর শুরু হয়েছে খেলা। দীর্ঘ এই বিরতিতে ভাঙন ধরেছে বাংলাদেশের ইনিংসে। দ্রুত ফিরেছেন লিটন দাস ও জাকের আলি। বিরতির আগে ফেরেন মুশফিকুর রহিম। পরপর ৩ উইকেট হারিয়ে বিপদে টাইগাররা।

৩ উইকেটে ১৭৮ রান নিয়ে শনিবার পঞ্চন দিনের খেলা শুরু করে বাংলাদেশ। রোমাঞ্চকর শেষ দিনটা দেখেশুনেই করেছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম মিলে গড়েছিলেন রেকর্ড ২৬৪ রানের জুটি। দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠেন তারা। জুটিতে যোগ হয় শতাধিক রান।

তাতে নির্বিঘ্নেই দলের সংগ্রহ পেরিয়ে যায় ২০০ রানের গণ্ডি। তবে দলীয় সংগ্রহ যখন ২৩৭ রান, তখন রান আউট হয়ে ফেরেন মুশফিক। ভাঙে ১৯১ বলে ১০৯ রানের জুটি।

মুশফিক ফেরেন আক্ষেপ সাথে করে ১০২ বলে ৪৯ রান নিয়ে। তবে এরপরই নামে বৃষ্টি। যদিও এর মাঝেই দেয়া হয় মধ্যাহ্ন বিরতি। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে খেলা।

বিরতির পর মাঠে নেমে সুবিধা করতে পারেননি লিটন। ৫ বলে মাত্র ৩ রান করে থারিন্দু রত্নানায়েকের শিকার তিনি। এরপর সেই থারিন্দুকে উইকেট দিয়ে এসেছেন জাকেরও (২)। স্ট্যাম্পড হয়েছেন তিনি।

২৩৭ থেকে ২৪৯, ১২ রানের মাঝে ৩ উইকেট হারিয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে দলের সংগ্রহ ৮২ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান। লিডসহ পুঁজি ২৬৪ রানের।

সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গেছেন শান্ত, ব্যাট করছেন ৯৭ রানে। সাথে আছেন নাইম হাসান।