ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিনটা জো রুটের। একের পর এক রেকর্ড গড়লেন, ছাড়িয়ে গেলেন একের পর এক কিংবদন্তীকে। যখন থামলেন, ততক্ষণে বনে গেছেন টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাক।
জো রুটের এমন সব কীর্তিতে, তৃতীয় দিন শেষেই ম্যানচেস্টার টেস্টের চালকের আসনে ইংল্যান্ড। শুক্রবার স্বাগতিকেরা দিন শেষ করেছে ৭ উইকেটে ৫৪৪ রানে। আর ভারতের থেকে এগিয়ে আছে ১৮৬ রানে।
২২৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। আর ১১ রান নিয়ে ব্যাট শুরু করেন রুট। রুট থামেন টেস্ট ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি পূর্ণ করে ১৫০ রান করে। এর মাঝে গড়েন অনন্য সব রেকর্ড।
১২০ রান যখন তার, তখন জো রুট পৌঁছান অনন্য উচ্চতায়। রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাড়িয়ে টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে যান দ্বিতীয় স্থানে।
সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে যান দ্বিতীয় স্থানে। তার সামনে এখন শুধু শচীন টেন্ডুলকার (১৫৯২১)। আর রুটের রান এখন ১৩৪০৯। এই রান করতে রুট করেছেন ৩৮টি সেঞ্চুরি, যা চতুর্থ সর্বোচ্চ।
যে অর্জনে তিনি লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গারার পাশে নিজের নাম লেখালেন। ২০১৫ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার আগে ১৩৪ টেস্টে ৩৮ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাঙ্গাকারা।
আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান অলিভার পোপের সাথে জুটিটা দেড় শ’র কাছাকাছি (১৪৪) নিয়ে যান রুট। পোপকে ১২৮ বলে ৭১ রানে থামিয়ে জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর।
এক ওভার পর সুন্দর ফিরিয়ে দেন হ্যারি ব্রুককেও। তবে রুট এরপর আরেকটি শত রানের জুটি গড়েন স্টোকসকে সাথে নিয়ে। ভারতের বিপক্ষে টেস্টে ১২তম ও সিরিজে টানা দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি ১৭৮ বলে।
স্টোকস ফিফটিতে পা রাখেন ৯৭ বলে। তবে পায়ে ক্র্যাম্প করায় ৬৬ রানে মাঠ ছেড়ে যান ইংলিশ অধিনায়ক। এদিকে দেড় শ’ ছোঁয়ার পরই জাদেজার বলে স্টাম্পড হয়ে ফেরেন রুট।
থিতু হতে পারেননি জেমি স্মিথ। তাকে ফিরিয়ে ম্যাচে প্রথম উইকেটের দেখা পান জাসপ্রিত বুমরাহ। দ্রুতই ক্রিস ওকসকে বোল্ড করে দেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ।
স্টোকস এরপর ব্যাটিংয়ে নামেন আবার। লিয়াম ডসনকে নিয়ে দিনের বাকিটা কাটিয়ে দেন তিনি। চতুর্থ দিনে তার সামনে সেঞ্চুরির হাতছানি। ব্যাট করছেন ৭৭ রানে। ডসন অপরাজিত ২১ রানে।