জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি চুইয়ে পড়ার সমস্যা সমাধানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ইতোমধ্যে সংস্কার কাজ শুরু করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান হবে বলে সংসদকে জানানো হয়েছে।

সোমবার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে সরকারি দলের হুইপ জি কে গউছ সংসদ ভবনের মসজিদসহ বিভিন্ন স্থানে ছাদ চুইয়ে পানি পড়ার বিষয়টি সংসদের নজরে আনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

জবাবে সংসদ কার্য পরিচালনাকারী চিফ হুইপ জানান, বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে এবং ভবনের যেসব স্থানে পানি চুইয়ে পড়ছে, সেগুলো মেরামতের কাজ গতকাল থেকেই শুরু হয়েছে।

আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন হলে পানি চুইয়ে পড়ার সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় ডেপুটি স্পিকার বিষয়টির গুরুত্ব তুলে ধরে বলেন, সংসদ ভবনের ছাদ থেকে পানি পড়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে রয়েছে। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

ডেপুটি স্পিকারের আহ্বানে সাড়া দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, চিফ হুইপ বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এনেছেন। ভবনের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যেই সমস্যার স্থায়ী প্রতিকার নিশ্চিত করা হবে। সূত্র : বাসস