হঠাৎ দল থেকে ছিটকে গেলেন মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলের সিরিজে খেলছেন না তিনি। তার বদলে খালেদ আহমেদকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার (১ মে) রাতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। স্বাগতিকদের বিপক্ষে ঘরের মাঠে তিন ওয়ানডে ও দুইটি চার দিনের ম্যাচ খেলবে তারা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে দুই দলের লড়াই।

সিরিজকে সামনে রেখে গত ২৬ এপ্রিল শক্তিশালী দল ঘোষণা করে বিসিবি। ইতোমধ্যে সিলেটেও পৌঁছে গেছেন ঘোষিত দলের সদস্যরা। আজ (শুক্রবার) অনুশীলনও করেছে তারা। তবে দলের সাথে দেখা যায়নি মোস্তাফিজুর রহমানকে।

দলে ডাক পেলেও সাথে না থাকায় চলতে থাকা কানাঘুষা। তবে জানা গেছে তার না থাকার কারণ। ‘এ’ দলের হয়ে এই সিরিজে অংশ নিচ্ছেন না তিনি। বরং তাকে বিশ্রামে রাখার পরিকল্পনা করেছে বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, ‘এ’ দলটা যখন করা হয় তখন মোস্তাফিজ খেলায় ছিলেন না। পরে যেহেতু সুপার লিগে কয়েকটি ম্যাচ খেলেছে, তার যথেষ্ট অনুশীলন হয়েছে।’

সামনে জাতীয় দলের ব্যস্ত সূচি, চলতি মাসেই পাকিস্তান খেলতে যাবে টাইগাররা। যাত্রাপথে খেলবে আরব আমিরাতের বিপক্ষেও। এমতাবস্থায় দলের গুরুত্বপূর্ণ সদস্যকে বিশ্রাম দিয়েছে বিসিবি।

এদিকে গতকাল মাঝরাতে ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড এ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুইটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে ব্ল্যাক ক্যাপসরা। এই মুহূর্তে তারা আছে সিলেটের পথে।

উল্লেখ্য, নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ৫ মে। পরের দুই ওয়ানডে ৭ ও ১০ মে। চার দিনের ম্যাচগুলোর অনুষ্ঠিত হবে ১৪-১৭ ও ২১-২৪ মে।

ওয়ানডে সিরিজের সাথে প্রথম চার দিনের ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর শেষ চার দিনের ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।