নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা আগেই সেরেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ১৫ সদস্যের সেই দলের অধিনায়ক কে হবেন, তা জানা যায়নি। তবে সিরিজ শুরুর আগে অধিনায়ক পেল দল। নুরুল হাসান সোহান দেবেন নেতৃত্ব।

তিন ম্যাচের ওয়ানডে ও দু’ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল।

সোমবার (৫ মে) থেকে সিলেটে শুরু হবে ওয়ানডে সিরিজ। তার আগে আজ অধিনায়ক নির্বাচন করেছে বিসিবি।

১৫ সদস্যের ঘোষিত দলে অনেক তারকা ক্রিকেটারের ভিড়। আছেন সদ্য ঢাকা প্রিমিয়ার লিগ জয়ী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। অভিজ্ঞ এনামুল হক বিজয়, নাইম শেখ, সাইফ হাসানরা।

তবে তাদের ছাপিয়ে বাংলাদেশ এ দলের এই সিরিজে নেতৃত্ব পেয়েছেন পরীক্ষিত অধিনায়ক নুরুল হাসান সোহান। তার নেতৃত্বেই ৫, ৭ ও ১০ মে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে দল।

অধিনায়ক হিসেবে সোহানের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে কোচ মিজানুর রহমান বলেন, ‘অধিনায়ক চূড়ান্ত, নুরুল হাসান সোহান থাকছে। একটা দেশের হয়ে আরেকটা দেশের বিপক্ষে খেলছি। অবশ্যই আমরা চাই আমাদের দেশকে এগিয়ে নিতে ভালো ক্রিকেট খেলতে।’

এদিকে অধিনায়কত্ব পাবার পর ম্যাচ আগে সংবাদ সম্মেলনেও আসেন সোহান। স্পষ্টই জানিয়েছেন এই সিরিজে শেখার জন্য আসেননি তারা। সিরিজ জিততেই মাঠে নামবে বাংলাদেশ। নিজের নেতৃত্ব ও দল নিয়ে তিনি বলেন, ‘অনেক দিন পর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। তবে মনে করি যে এখানে ব্যক্তিগত কোনো কিছু না। আমরা এখানে শিখতে আসিনি। সবার লক্ষ্য একটাই। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা কীভাবে জিততে পারি।’

সফরে আসা নিউজিল্যান্ড দলের নয়জনই ইতোমধ্যে জাতীয় দলে খেলেছেন। নিজেদের দল তাই বেশ অভিজ্ঞ থাকলেও প্রতিপক্ষকে সমীহ করছেন সোহান। তিনি বলেন, ‘আমরা জেতার জন্য মাঠে নামব। অবশ্যই নিউজিল্যান্ড ভালো দল। আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনেক ক্রিকেটার আছে।’

তিনি বলেন, ‘কিন্তু আমার কাছে মনে হয় আমরা যারা আছি, সবাই অনেক দিন ধরে ক্রিকেট খেলছি যথেষ্ট অভিজ্ঞ। মাঠে দল হিসেবে খেলাটাই গুরুত্বপূর্ণ। সেই চেষ্টাই করব।’