জয় দিয়ে সিরিজ শুরু করল ইমার্জিং টাইগাররা। টানটান উত্তেজনায় ঠাঁসা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। মাত্র ২ বল হাতে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেয়েছে ৩ উইকেটের জয়।

সোমবার (১২ মে) রাজশাহীতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হয় বাংলাদেশ ইমার্জিং দল। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩০১ রান করে প্রোটিয়ারা।

লক্ষ্য তাড়ায় প্রায় হারতেই বসেছিল বাংলাদেশ। ইনিংসের মাঝপথে এসে পথ হারিয়ে ফেলে ইমার্জিং টাইগাররা। তবে শেষ দিকে অবিশ্বাস্য ব্যাটিংয়ে দলকে জেতান রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ।

জয়ের জন্য শেষ ৪৫ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭০ রান, হাতে ছিল ৪ উইকেট। সেখান থেকে দারুণ ব্যাটিংয়ে দলকে ম্যাচে ফেরান আকবর আলি, ২৪ বল থেকে এনে দেন ৪১ রান। তখনো ২০ বলে চাই ৩৯ রান।

সেই সমীকরণ মেলান রাকিবুল ও তোফায়েল। প্রায় ফসকে যাওয়া ম্যাচটাকে মুঠোয় নিয়ে আসেন তারা। তোফায়েল ২০ বলে ২৪ ও রাকিবুল ১০ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন।

অবশ্য শুরুটা দারুণ ছিল টাইগারদের। মাত্র ২ উইকেট হারিয়েই পৌঁছে যায় ১৭২ রানে। পথ দেখান মাহফিজুল ইসলাম। জিশান আলমের সাথে ৫২ রান আনে উদ্বোধনী জুটিতে। ২৭ বলে ৩১ রান করেন জিশান।

এরপর অবশ্য রানের গতি কমে আসে। মাহফিজুল একপ্রান্ত থেকে ভালো করলেও বাকিরা সুবিধা কর‍তে পারেননি। তিনে নামা প্রিতম কুমার ৩৫ বলে ১৭ ও আরিফুল ইসলাম ৬৮ বলে করেন ৩৬ রান।

মাঝে মাহফিজুল ফেরেন ৮৯ বলে ৮৭ করে। তার বিদায়ের পর খেই হারায় ইনিংস, দ্রুত হারায় আরো ২ উইকেট। আররার আমিন ২১ বলে ৮ ও মাহফুজুর রাব্বি করেন ৫ রান। অর্থাৎ মাঝে ৫৮ রান তুলতেই হারায় ৪ উইকেট।

এর আগে, দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন কনোর ইস্টারহুজেন। এছাড়াও ফিফটির দেখা পান আন্দিলে সিমিলেন। শেষ দিকে ঝড় তুলে ৬১ রানের ইনিংস খেলেছেন প্রোটিয়া এ ব্যাটার।

এছাড়াও ১৫ বলে ২৬ রানের ক্যামিও খেলেছেন টিয়ান ফন ভুরেন। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট শিকার করেছেন রিপন মন্ডল। দু’টি উইকেট নেন আহরার আমিন।