সম্ভাবনা আগেই ছিল, এবার তাই সত্য হলো। পাকিস্তান থেকে সরে গেল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান সুপার লিগের বাকি অংশ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। ভারতের সাথে যুদ্ধাবস্থায় ক্রিকেটারদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত।
আজ শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে তারা জানায়, পিএসএল-এর লিগ পর্বের বাকি চারটি ও ফাইনালসহ প্লে-অফ পর্বের সব ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। তবে ম্যাচগুলো কখন কোথায় আর কিভাবে হবে, সেই সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেনি পিসিবি। বলা হয়েছে, ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
এর আগে বৃহস্পতিবার (৮ মে) বিকেলে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে ড্রোন হামলা ঘটে। ফল্র পিএসএল-এর দু’টি ম্যাচ বাতিল হয়। যদিও ম্যাচের টিকিটধারীদের রিফান্ডের নিশ্চয়তা দিয়েছে পিসিবি।
সংস্থাটি জানিয়েছে, যারা ভিআইপি গ্যালারি বা এনক্লোজার টিকিট কিনেছেন, তারা নির্ধারিত টিসিএস এক্সপ্রেস সেন্টার থেকে রিফান্ড সংগ্রহ করতে পারবেন।
পিএসএল পাকিস্তান থেকে সরে যাওয়ায় আসরের বাকি অংশে দেখা যেতে পারে রিশাদ হোসেন ও নাহিদ রানাকে। অন্যথায় তাদের দেশে ফিরিয়ে আনার কথা ভাবছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুধু তারাই নয়, পিএসএলে ছয় দলে থাকা প্রায় ৪০ জন বিদেশী ক্রিকেটারই নিরাপত্তা শঙ্কায় ছিলেন। পিসিবি সভাপতির সাথে মিটিংও করেন তারা। এরপরই আসে আসর স্থানান্তরের সিদ্ধান্ত।