ইংলিশ চ্যানেল পাড়ি দিতে চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকা ছেড়ে যুক্তরাজ্যের উদ্দেশে পাড়ি জমান বাংলাদেশের দুই সাঁতারু নাজমুল হক হিমেল ও মাহফিজুর রহমান সাগর।
সেখানে এতদিন অনেক অনিশ্চয়তা ও অপেক্ষার পর চ্যানেলে নামার দিন ও সময় পেয়েছেন এই দুই সাঁতারু। হিমেলের সাথে সরাসরি কথা হলে তিনি নিজেই জানিয়েছেন এই খবর।
তিনি জানান, যুক্তরাজ্যের সময় আজ দিবাগত রাত ১২টায় চ্যানেলে নামবেন তারা। যা বাংলাদেশ সময়ানুযায়ী ২৫ জুলাই ভোর ৫টা।
তিনি আরো জানান, ‘গত কয়েকদিন খারাপ আবহাওয়ার কারণে চ্যানেল কর্তৃপক্ষ সব সাঁতার স্থগিত রাখতে বাধ্য হয়। আজকের (গতকাল) আবহাওয়া ভালো হওয়ায় ইতোমধ্যে চ্যানেলে নেমেছেন অস্ট্রেলিয়ার এক সাঁতারু। সবকিছু ঠিক থাকলে ভোর ৫টায় চ্যানেলে নামব আমরা।’