গোলরক্ষক সারোয়ার জাহানের লালকার্ড আর মোহাম্মদ আবদুল্লাহর অবিশ্বাস্য গোল মিস। এই দু’য়ের খেসারতই দিয়েছে ফর্টিস এফসি। ফলে লিড নিয়েও জিততে পারেনি মাসুদ পারভেজ কায়সারের দল।

বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিংস এরিনায় তাদের ১-১ এ রুখে দিয়েছে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুল। ময়মনসিংহ স্টেডিয়ামে অন্য ম্যাচে ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ।

৩৩ মিনিটে নাইজেরিয়ান ডেভিডের গোলে এগিয়ে যায় ফর্টিস। এরপর ৫৬ মিনিটে সরাসরি লালকার্ড পাওয়া ফর্টিসের গোলরক্ষক সারোয়ারের। বক্সের বাইরে বল ক্লিয়ার না করে ড্রিবলিং করতে যান প্রতিপক্ষের এক খেলোয়াড়কে। এরপর বলের নিয়ন্ত্রণ হারান। বল বিপক্ষ দলের আরেক খেলোয়াড়ের কাছে গেলে তিনি ফাঁকা পোস্টে বল পাঠাতে শট নেন। বিপদ বুঝে সারোয়ার সেই বল হাত দিয়ে ঠেকালে রেফারী জসিম আক্তার তাকে তাকে সরাসরি লালকার্ড দেখিয়ে বহিষ্কার করেন।

ফর্টিসের এক খেলোয়াড় কম থাকার সুযোগ নিয়ে বেন ইব্রাহিম ওয়াত্তারা দূর পাল্লার শটে ইয়ংম্যান্সকে সমতায় আনেন। যে শট রুখতে পারেননি বদলী গোলরক্ষক আজাদ হোসেন। ১০ জন নিয়েও ফর্টিস ৮৬ মিনিটে ফের এগিয়ে যাওয়ার সুযোগ পায়। কিন্তু জাতীয় দলের সাবেক মিডফিল্ডার মোহাম্মদ আবদুল্লাহ ছোট বক্সের উপর থেকে বল বার উচিয়ে মারলে জয় বঞ্চিত হয় পূর্ণ সুযোগ-সুবিধা সম্পন্ন দলটি। এতে ১২ খেলায় ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ফর্টিস। আর মূল্যবান এক পয়েন্ট পেয়ে ১০ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে ইয়ংম্যান্স।

পুলিশ অবশ্য জয়ের ফলে রহমতগঞ্জকে পেছনে ঠেলে চতুর্থ স্থানে উঠে এসেছে। ১৯ পয়েন্ট পুলিশের। ৮৪ মিনিটে উজবেকিস্তানে জাহাঙ্গীর কুরবানায়েভ গোলটি করে। হারের ফলে ওয়ান্ডারার্সের পয়েন্ট ৪। আছে রেলিগেনশন শঙ্কায়।