প্রথম তিন ম্যাচে দুই হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি আমিরুল, ‘ক্ষিপ্ত’ হয়ে এবার করে বসলেন পাঁচ গোল! তাতে যুব হকি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ, বড় ব্যবধানে ওমানকে উড়িয়ে দিলো তারা।
বৃহস্পতিবার ভারতের মাদুরাইতে স্থান নির্ধারণী ম্যাচে ওমানের বিপক্ষে ১৩-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে হ্যাটট্রিকসহ ৫ গোল করেন আমিরুল। ৪ ম্যাচে মোট ১২ গোল নিয়ে শীর্ষ গোলদাতা এখন তিনি।
আমিরুলের পাশাপাশি হ্যাটট্রিক করেছেন রাকিবুল হাসান রকি। দুটি করে গোল করেন সাজু ও আবদুল্লাহ। একটি গোল করেন ওবায়দুল। তাদের এমন দাপুটে নেপুণ্যে ভর করে সেরা বিশে থাকা নিশ্চিত হলো।
২৪ জাতির বিশ্বকাপে বাংলাদেশের সুযোগ আছে আরো ভালো অবস্থানে যাওয়ার। আগামী ৬ ডিসেম্বর ১৭ থেকে ২০তম স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়া বা মিসরের সাথে জিতলে থাকছে সেই সুযোগ।
এর আগে, গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ গোলে পরাজিত হয় বাংলাদেশ। তবে ৩-৩ গোলে ড্র করে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। দুই ম্যাচেই হ্যাটট্রিক করেন আমিরুল।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৩-২ ব্যবধানে হারে বাংলাদেশ। সেই ম্যাচেও একটি গোল পান আমিরুল।