আগামী ১৭ থেকে ২৭ আগস্ট কানাডার উইনিপেগে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপ আর্চারিতে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের উদীয়মান তীরন্দাজ বগুড়ার ইমতিয়াজ আমীন ফাতেমী ফুয়াদ।
লাল-সবুজ জার্সিধারী ফুয়াদ বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সকলের খবর পত্রিকার বার্তা সম্পাদক আমিনুর রহমান কোয়েলের ছোট ছেলে। বর্তমানে তিনি বিকেএসপির ৮ম শ্রেণিতে ক্যাডেট হিসেবে পড়াশোনা করছেন।
তীরন্দাজ ফুয়াদ ২০২৫ সালে ৭ম জাতীয় জুনিয়র আর্চারি চ্যাম্পিয়ানশিপে এককভাবে ব্রোঞ্জ, ২০২৪ সালে নাটোরে তারুণ্যের উৎসবে এককভাবে সিলভার, ২০২৩ সালে ৫ম জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে টিম ব্রোঞ্জ ও ২০২৪ সালে ওপেন র্যাংকিংয়ে এককভাবে স্বর্ণপদক লাভ করেন।
যুব বিশ্বকাপের ১৯তম এই আসরে লাল-সবুজের অন্য সদস্যরা হলেন অলিম্পীয়ান সাগর ইসলাম, এশিয়ান কাপ স্টেজ-২ তে স্বর্ণপদক-জয়ী আব্দুর রহমান আলিফ, রাকিব মিয়া, সীমা আক্তার শিমু, কুলছুম আক্তার মনি, হিমেল ছারোয়ার, নাহিদ হাসান ও সোনালী রায়।
বাংলাদেশ দল আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক ও বিকেএসপির হেড কোচ নুরে আলমের তত্ত্বাবধানে গত দু’মাস ধরে কঠোর অনুশীলন করেছে। বাংলাদেশের পক্ষে অনূর্ধ্ব-২১ বিভাগে পাঁচজন ও অনূর্ধ্ব-১৮ বিভাগে চারজন আর্চার অংশগ্রহণ করবেন বলে বাংলাদেশ আর্চারি ফেডারেশন সূত্রে জানা গেছে।