বিশ্বকাপে আবারো আমিরুল শো। এবার শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক তুলে নিয়েছেন তিনি। আসরের পাঁচ ম্যাচে যা তার চতুর্থ হ্যাটট্রিক। সব মিলিয়ে ৫ ম্যাচে ১৫ বার জালে বল জড়ালেন এই বাংলাদেশী।

আমিরুলের হ্যাটট্রিকে স্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব ১৯ হকি বিশ্বকাপের স্থান নির্ধারণী খেলায় আজ (শনিবার) পিছিয়ে পড়েও কোরিয়াকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।

ভারতের মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে অবশ্য শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দক্ষিণ কোরিয়া ম্যাচের প্রথম ১০ মিনিটে লি মিন হিয়কের গোলে এগিয়ে যায়। এরপর ২০ মিনিটে লি পেনাল্টি স্ট্রোক থেকে ২-০ করেন।

বড় হারের শঙ্কা যখন জেঁকে বসেছিল, তখনই শুরু হয় আমিরুল শো। ২১ ও ২৪ মিনিটে দুই পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান আমিরুল। আর ৩৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে পূরণ করেন হ্যাটট্রিক।

হ্যাটট্রিক করে বাংলাদেশকে ৩-২ গোলে এগিয়ে নেন আমিরুল। এরপর টানা ৫টি পেনাল্টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি কোরিয়া। চতুর্থ কোয়ার্টারে ৫২ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান ৪-২ করেন ওবায়দুল জয়।

তবে এরপর ৫৩ মিনিটে মিন হিয়ক নিজের হ্যাটট্রিক পূরণ করেন। তা বাংলাদেশের জন্য তেমন চিন্তার কারণ হয়নি। মুহূর্তেই ব্যবধান বাড়িয়ে নেয় স্বাগতিকেরা। ৬০ মিনিটে বাংলাদেশের হয়ে পঞ্চম গোলটি করেন রাকিবুল হাসান।

এই জয়ের পর বাংলাদেশ আছে ১৮ নম্বরে। মঙ্গলবার ১৭তম স্থান নির্ধারণীর ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে মেহরাব হোসেন সামিনের দল।