প্রোপাগান্ডার দায়ে অ্যাপল টিভি ও ইসরাইলি সিরিজ বয়কট
Printed Edition
বিনোদন প্রতিবেদক
আমেরিকান থ্রিলার সিরিজ ‘হোমল্যান্ড’-এর সেই অতিপরিচিত চিত্রনাট্য আজো অনেকের মনে আছে, যেখানে পাকিস্তানকে দেখানো হয়েছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে আর গল্পের পরতে পরতে ছিল লম্বা দাড়িওয়ালা ভিলেনদের ছড়াছড়ি। সেই একই ছক আর একই প্রোডাকশন হাউজ-ইসরাইলের ‘কেশেট ইন্টারন্যাশনাল’-আবারও ফিরে এসেছে নতুন এক রাজনৈতিক প্রোপাগান্ডা নিয়ে। অ্যাপল টিভিতে মুক্তি পাওয়া তাদের নতুন স্পাই সিরিজ ‘আনকন্ডিশনাল’ যেন কেবল বিনোদন নয়, বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার। রাশিয়ায় একজন ইসরাইলি সেনার বন্দী হওয়া এবং তাকে উদ্ধারের গ্ল্যামারাইজড গল্পটি এমন এক সময়ে সামনে আনা হয়েছে, যখন বাস্তব পৃথিবীতে গাজায় ইসরাইলের নৃশংসতা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে।
জনসাধারণের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে এই সিরিজের একজন অভিনেত্রীর পুরনো সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড। আইডিএফ-এ কাজ করা সেই অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্টে যখন দেখা যায় তিনি ‘টিয়ার গ্যাস’ দিয়ে বিরোধীদের দমনের হুমকি দিচ্ছেন, তখন সিরিজের নৈতিক ভিত্তি নিয়েই প্রশ্ন ওঠে। যদিও বিতর্কের মুখে সেই ক্যাপশন বদলে ফেলা হয়েছে, কিন্তু তাতে ক্ষোভ কমেনি বরং অ্যাপল টিভির ‘সিলনবাদী’ প্রীতির পুরোনো কাসুন্দি আবার সামনে চলে এসেছে। ‘তেহরান’-এর মতো বিতর্কিত সিরিজ প্রচার থেকে শুরু করে দখলকৃত অঞ্চলে অনুদান দেয়ার মতো গুরুতর অভিযোগে অ্যাপল এখন নেটিজেনদের কাঠগড়ায়। ফলস্বরূপ, সচেতন দর্শকরা কেবল এই সিরিজটিই নয়, বরং পুরো অ্যাপল টিভি এবং অ্যাপল পণ্য বয়কটের ডাক দিয়েছে। বিনোদনের আবরণে যখন একপাক্ষিক রাজনৈতিক বয়ান চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয়, তখন দর্শকদের এমন প্রত্যাখ্যানই সম্ভবত ডিজিটাল যুগের উপযুক্ত জবাব।