স্ত্রীসহ সাবেক পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
Printed Edition
আদালত প্রতিবেদক
দুর্নীতির অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব এবং দু’টি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো: আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এদিন দুদকের পে সংস্থার সহকারী পরিচালক রাসেল রনি সংশ্লিষ্ট ব্যাংক ও বিও হিসাবগুলো অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অনুসন্ধানকালে জানা গেছে- বিপ্লব কুমার সরকার সরকারি চাকরিতে থাকা অবস্থায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজ এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অবৈধ আয়ের উৎস সৃষ্টি করেছেন। এসব অর্থ আড়াল করতে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ সংঘটনের পাশাপাশি নামে-বেনামে সম্পত্তি ক্রয় ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
আরো বলা হয়, বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ব্যাংক ও বিও হিসাবগুলো থেকে অর্থ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। এসব সম্পদ বেহাত হয়ে গেলে ভবিষ্যতে অর্থ উদ্ধার কঠিন হয়ে পড়তে পারে। এ কারণে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ধারা ১৪ অনুযায়ী উল্লিখিত হিসাবগুলো থেকে অর্থ উত্তোলন অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।
এর আগে গত ৯ ডিসেম্বর একই আদালত বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণয় কুমার সরকার এবং হোসনেয়ারার বোন শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।