মুন্সীগঞ্জের ৩টি আসনে ভোটের লড়াইয়ে ২৩ প্রার্থী
Printed Edition
মুন্সীগঞ্জ প্রতিনিধি
বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বিএনপির পাশাপাশি বিদ্রোহী প্রার্থী, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, এনসিপি, খেলাফত মজলিস ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থীরা মনোনয়ন জমা দেন। জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে এসব মনোনয়ন ফরম জমা দেয়া হয়।
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরফত আলী সপু এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: মমিন আলী। এ ছাড়া এ আসনে কে এম আতিকুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এ কে এম ফখরুদ্দিন রাজি (জামায়াতে ইসলামী), আব্দুর রহমান (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি) ও রোকেয়া আক্তার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ) মনোনয়ন জমা দেন।
মুন্সীগঞ্জ-২ (টংগীবাড়ী-লৌহজং) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ মনোনয়ন জমা দেন। অন্যদের মধ্যে রয়েছেন মাজেদুল ইসলাম (এনসিপি), মো: নোমান মিয়া (জাতীয় পার্টি), আশিক মাহমুদ (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), কে এম বিল্লাল (ইসলামী আন্দোলন বাংলাদেশ), অধ্যাপক এ বি এম ফজলুল করিম (জামায়াতে ইসলামী) ও মো: আমিনুল ইসলাম (খেলাফত মজলিস)। উল্লেখ্য, এ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। অসুস্থতার কারণে পরে তার পরিবর্তে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে মনোনয়ন দেয়া হয়।
মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মো: কামরুজ্জামান রতন দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন জেলা বিএনপির সদস্য সচিব মো: মহিউদ্দিন। এ ছাড়া, শেখ মোহাম্মদ কামাল হোসেন (সিপিবি), হাজী আব্বাস কাজী ও নূর হোসেন নূরানী (খেলাফত মজলিস), সুমন দেওয়ান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আনিস মোল্লা (বাংলাদেশ লেবার পার্টি), মো: আরিফুজ্জামান দিদার (জাতীয় পার্টি) এবং শেখ মো: শিমুল (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি) মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি। জামায়াত জোটের প্রার্থী নূর হোসেন নূরানীকে সমর্থন জানিয়ে দলটির মনোনীত প্রার্থী অধ্যাপক আবু ইউসুফ মনোনয়ন ফরম দাখিল থেকে বিরত থাকেন। সূত্র জানায়, মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের শরিক দলগুলোর জন্য ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।