শক্ত মেরুদণ্ডের প্রমাণ দিয়েছে বাংলাদেশ : আসিফ নজরুল
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
দেশের গৌরব ও নিরাপত্তার কথা ভেবে টি-২০ বিশ্বকাপে দল পাঠায়নি বাংলাদেশ। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত ছিল তা। এবার সেই সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানালেন, বিশ্বকাপ বিসর্জন দিয়ে বাংলাদেশ নিজেদের শক্ত মেরুদণ্ডের প্রমাণ দিয়েছে, বিশেষত ভারতকে। এই বিষয়টিকে বড় অর্জন হিসেবেই দেখছেন তিনি।
বাংলাদেশকে গুরুত্ব দেয়া হয়নি- এই ভাবনা থেকেই মূলত কঠোর পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ও অন্তর্বর্তীকালীন সরকার। আসিফ নজরুল জানান, ‘ভারতীয় বোর্ডের পক্ষ থেকে একবারও যোগাযোগের চেষ্টা করা হয়নি যে ভাই তোমরা চিন্তা করো না আমরা দেখছি। অবশ্যই নিরাপত্তা নিয়ে আমরা চিন্তায় ছিলাম। সামনে নির্বাচন ছিল। ওখানে যদি একটা ভয়াবহ ঘটনা ঘটত এটার রেশ কিভাবে আসত বাংলাদেশের ওপর।’
কী কী ছিল ঝুঁকি, জানিয়ে আসিফ বলেন, ‘এক হচ্ছে মোস্তাফিজ খেললে, দ্বিতীয়ত বাংলাদেশের দর্শকরা এদিক-সেদিক ঘোরাঘুরি করলে, তৃতীয়ত যেহেতু নির্বাচন আছে- এই তিনটি জিনিস দেখার পর মনে হয়েছে, ওরা কি আমাদের সাথে মশকরা করতেছে? তিনটা জিনিসই তো হবে। মোস্তাফিজ অবশ্যই খেলবে, বাংলাদেশের দর্শকরা অবশ্যই যেখানে-সেখানে ঘুরবে, ইলেকশন তো হবে। আমরা যখন তীব্র প্রতিবাদ জানালাম, তখন আরেকটা রিপোর্ট দিয়ে হালকাভাবে কথাটা এড়িয়ে গেল। তখন মনে হয়েছে তারা আমাদের নিরাপত্তা নিয়ে সিরিয়াস না।’
বিবিসি বাংলাকে আসিফ নজরুল বলেন, ‘আমাদের নিরাপত্তা ইস্যু যখন তুচ্ছ ব্যাপার হয়, আমাদের অপমান করা যখন সহজ ব্যাপার হয়। অপমান, তুচ্ছ করার জবাব যে আমরা দিতে পারি এর ভালো দৃষ্টান্ত রাখলাম। তাদের মনে করিয়ে দেয়া দরকার ছিল আমাদেরও মেরুদণ্ড বলে একটা জিনিস আছে। এটা আপনার কাছে অর্জন না ?’
এ দিকে বিশ্বকাপে না গেলেও বাংলাদেশকে কোনো শাস্তি পেতে হয়নি। বরং আইসিসি উল্টো বাংলাদেশকে আইসিসি ইভেন্ট আয়োজনের দিক থেকে আরও বেশি প্রাধান্য দেয়ার আশ্বাস দিয়েছে। আসিফ নজরুল বলেন, ‘আর যেসব কথা বলা হয়েছিল বিশ্বকাপ না খেললে বাংলাদেশ অনেক ক্ষতির মুখে পড়বে। কই ক্ষতির মুখে পড়ছে? বিদেশের দল বাংলাদেশে এসে খেলছে না?’