জেদ্দায় ইস্তিতুতো মারাঙ্গোনির ফ্যাশন মাস্টারক্লাস অনুষ্ঠিত

Printed Edition
bino-4
জেদ্দায় ইস্তিতুতো মারাঙ্গোনির ফ্যাশন মাস্টারক্লাস অনুষ্ঠিত

বিনোদন প্রতিবেদক

জেদ্দায় ইতালীয় কনস্যুলেট জেনারেলের উদ্যোগে সম্প্রতি পার্ক হায়াত হোটেলে একটি বিশেষ মাস্টারক্লাসের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমের পরিধি বাড়াল বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও ডিজাইন শিক্ষাপ্রতিষ্ঠান ইস্তিতুতো মারাঙ্গোনি।

জেদ্দায় নিযুক্ত ইতালীয় কনসাল জেনারেল লিওনার্দো কস্তার উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সৃজনশীল ব্যক্তিত্ব, ফ্যাশন শিল্পের বিশিষ্টজন এবং উদীয়মান তরুণ প্রতিভারা অংশগ্রহণ করেন। ২০২৫ সালে রিয়াদে কার্যক্রম শুরু করার পর জেদ্দার এই আয়োজনের মাধ্যমে সৌদি আরবের বৃহত্তর সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠানটি তার অবস্থান আরো সুসংহত করল।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ইস্তিতুতো মারাঙ্গোনি রিয়াদের স্কুল ও এডুকেশন ডিরেক্টর আনা জিনোলার পরিচালিত মাস্টারক্লাস ‘ডিকোডিং লাক্সারি : ফ্রম এলিট র‌্যারিটি টু এভরিডে প্রেস্টিজ’। এই সেশনে বিশ্বজুড়ে বিলাসিতার ধারণার বিবর্তন এবং প্রথাগত কারুশিল্পের পাশাপাশি ব্যক্তিগত পছন্দ ও আধুনিক জীবনযাত্রার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কনসাল জেনারেল লিওনার্দো কস্তা এই উদ্যোগকে ইতালি ও সৌদি আরবের মধ্যে সৃজনশীল বিনিময়ের এক শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে, আনা জিনোলা সৌদি আরবের নতুন প্রজন্মের আত্মবিশ্বাস ও সৃজনশীলতার প্রশংসা করে বলেন, তারা কেবল বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করছে না বরং নিজস্ব ঢঙে তা উপস্থাপন করছে। প্রসঙ্গত, ইস্তিতুতো মারাঙ্গোনি বর্তমানে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে আর্ট অ্যান্ড ডিজাইন বিভাগে বিশ্বের সেরা ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম।