ড. আলী আফজাল রিহ্যাবের নতুন প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০২৬-২০২৮ সেশনের নির্বাচনে প্রেসিডেন্ট পদে ড. মো: আলী আফজাল নির্বাচিত হয়েছেন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। তারা দু’জন একই প্যানেল থেকে নির্বাচন করেন। গত শনিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত ১টার দিকে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা সম্পন্ন করে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই প্রাথমিক ফলাফল প্রকাশ করে। ঘোষিত ফলাফলে প্রেসিডেন্ট পদে ড. মো: আলী আফজাল ২৩২ ভোট পেয়েছেন। আব্দুর রাজ্জাক ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন।

নির্বাচনে রাত ১২টার কিছু আগে পরিচালকের পদগুলোতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। কিন্তু প্রেসিডেন্ট ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় রহস্যজনকভাবে বিলম্ব ঘটে। এতে প্রার্থী ও অন্যদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়। পরে রাত পৌনে ১টার দিকে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করলে পরিবেশ শান্ত হয়।

২০০৮ সালের পর এই প্রথম সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে আওয়ামী লীগ সরকারের শুরুতেই রিহ্যাবের সাবেক সভাপতি ড. তওফিক এম সেরাজকে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান করে একটি নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগে দলীয় চাপে ভণ্ডুল হয়ে যায়। এরপর থেকে আওয়ামী লীগের পুরো সময় সিলেকশনের ভিত্তিতে আওয়ামী বলয়ের লোকদের দিয়ে রিহ্যাব চালানো হয়। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আরেকটি নির্বাচন হলেও তাতে আওয়ামী বলয় ছাড়া কারো অংশগ্রহণের সুযোগ ছিল না বলে রিহ্যাব সদস্যরা জানিয়েছেন।

এবারের নির্বাচনটিও একটি মহল নিজেদের পক্ষে নিয়ে নেয়ার নানা অপতৎপরতা চালায় বলে অনেক রিহ্যাব সদস্য ভোটার জানিয়েছেন। এ কারণে, সিসি ক্যামেরা বসাতে অনীহা, এজেন্ট নিয়োগ দিতে অনীহা ছিল প্রথমে। এ কারণে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর নির্বাচন শুরু হয়।

গত শনিবারের নির্বাচনে সহ-সভাপতি-১ পদে মোহাম্মদ আকতার বিশ্বাস ২৫০ ভোট, সহ-সভাপতি-২ পদে আবু খালিদ মো: বরকতুল্লাহ ২৫৫ ভোট এবং সহ-সভাপতি-৩ পদে এএফএম উবায়দুল্লাহ ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ বিষয়ক সহ-সভাপতি পদে ড. মো: হারুন অর রশিদ ২৬২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি পদে মোহাম্মদ মোরশেদুল হাসান সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়ে বিশেষভাবে নজর কাড়েন।

পরিচালক পদে মোহাম্মদ লাবিব বিল্লাহ্ সবচেয়ে বেশি ৩৩৮ ভোট পেয়েছেন। এ ছাড়া উম্মে জাহান আরজু এবং হাবিবুর রহমান হাবিব উভয়েই ৩০৪ ভোট পেয়ে পরিচালক হয়েছেন। নির্বাচিত অন্য পরিচালকরা হলেন- এজেডএম কামরুদ্দিন, ক্যাপ্টেন মো: শাহ আলম, মো: খাজা নাজিবুল্লাহ, শেখ কামাল, মো: এমদাদুল হোসেন সোহেল, ড. এন জোহা, প্রফেসর মো: ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো: জহির আহমেদ, মো: জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মো: মোস্তফা কামাল, মো: এমদাদুল হক, মো: মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরুজ সরদার এবং আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার।

চট্টগ্রাম থেকে নির্বাচিত দুজন পরিচালক হলেন- এএসএম আব্দুল গফফার মিয়াজী এবং সারিস্ত বিনতে নুর। এ ছাড়া রিহ্যাব চট্টগ্রাম রিজিওন্যাল কমিটির ছয় নির্বাচিত সদস্য হলেন- নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার এসকে নাজিম উদ্দিন, সৈয়দ ইরফানুল আলম, আশিষ রায় চৌধুরী, হৃষিকেশ চৌধুরী ও এস এম শহিদুল্লাহ।