সিরিয়ার লাতাকিয়ায় সহিংসতা দমনে কারফিউ জারি

Printed Edition

আলজাজিরা

সিরিয়ার পশ্চিম উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় লাতাকিয়া শহরে রাতভিত্তিক কারফিউ জারি করা হয়েছে। আলাবি অধ্যুষিত এলাকায় প্রাণঘাতী হামলার পর এই সিদ্ধান্ত নেয়া হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে লাতাকিয়ায় ২১ জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তা বাহিনীর দাবি, গ্রেফতার ব্যক্তিরা সাবেক শাসনের অবশিষ্ট অংশ। তারা অপরাধমূলক কর্মকাণ্ড, সাম্প্রদায়িক উসকানি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় জড়িত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর করা হয়।

সোমবার লাতাকিয়ার আলাবি-অধ্যুষিত কয়েকটি এলাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হামলার পর কারফিউ জারির সিদ্ধান্ত আসে। হামলায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং দোকানপাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে রোববার আলাবি সংখ্যালঘুদের বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ে। মধ্যাঞ্চলীয় শহর হোমসে এক বোমা বিস্ফোরণের পর এই বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করলে অন্তত তিনজন নিহত হন। নিহতদের মধ্যে একজন সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য। দেশে এই অস্থিরতা প্রেসিডেন্ট আহমদ আল-শারার সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।