সংসদে তথ্যমন্ত্রী
দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শিগগিরই শুরু হবে
Printed Edition
সংসদ প্রতিবেদক
সাংবাদিকদের জন্য শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাংলাদেশ গেজেটে প্রকাশ হয়েছে। সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের আয়কর প্রদান নিয়ে মতপার্থক্য দেখা দেয়ায় সেই মজুরি বোর্ড কার্যকর হয়নি। বর্তমানে ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে ৬টি রিট/সিভিল পিটিশন চলমান আছে। গতকাল জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
এ ছাড়া বিরোধীদলীয় সদস্য নুরুল ইসলাম বুলবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংবাদিকদের সুরক্ষা, সক্ষমতা, সহায়তা, মর্যাদা ও নিরাপদ পেশাগত পরিবেশ তৈরির লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল, হুমকি/হামলা/ডিজিটাল হয়রানির ঘটনায় আইনি ও প্রযুক্তিগত রেফারেল, নারী সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তা, ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ, জরুরি কল্যাণ সহায়তা, জেলা পর্যায়ের সাংবাদিক সুরক্ষা উদ্যোগ এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের সাথে সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তুলতে উদ্যোগ নেয়া হয়েছে।
সরকারদলীয় এমপি মোহাম্মদ আলী আসগরের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনভাবে সাংবাদিকতা করার লক্ষ্যে ১৯৭৪ সালে প্রণীত প্রেস কাউন্সিল অ্যাক্ট যুগোপযোগী করিয়া প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী, কার্যকর গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে আইনটি সংশোধনের কার্যক্রম চলমান আছে।
তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পেশাগত কাজ করতে অক্ষম বা অসমর্থ, শারীরিক বা মানসিকভাবে অসুস্থ ও চিকিৎসার ব্যয় নির্বাহে অসমর্থ সাংবাদিকদের এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুযোগ-সুবিধা দেয়ার কার্যক্রম চলমান আছে। ২০২৫-২৬ অর্থবছরের মার্চ পর্যন্ত মোট এক হাজার ১১০ জন অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিকদের পরিবারের মধ্যে আর্থিক অনুদান দেয়া হয়েছে। পাশাপাশি ট্রাস্টের অন্যান্য সহায়তামূলক কার্যক্রমও অব্যাহত আছে। ৪০২ জন সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের ৭৩ লাখ ২৬ হাজার টাকা বৃত্তি দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৬-এর রমজান মাসে দুই হাজার সাংবাদিক পরিবারের মধ্যে এক কোটি ১২ লাখ ৩৪ হাজার টাকার ইফতার ও ঈদ উপহার দেয়া হয়েছে।
চাঁদপুর-২ আসনের এমপি জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন টিভি চ্যানেল চারটি। ৫৫টি বেসরকারি টিভি চ্যানেল অনুমোদন পেলেও পূর্ণ সম্প্রচারে আছে ৩৭টি। নতুন কোনো টিভি চ্যানেল অনুমোদনের অপেক্ষাধীন নেই। ভবিষ্যতে নতুন কোনো টিভি চ্যানেল অনুমোদনের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিরোধীদলের এমপি আবদুল আলীমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, অবাধ তথ্যপ্রবাহের যুগে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ ও ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ অনলাইন ডাটাবেইজ তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে।