সায়েদুর রহমানকে আবার বিশেষ সহকারী পদে নিয়োগ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পদত্যাগ করার এক দিন পর অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) অধ্যাপক ডা: মো: সায়েদুর রহমানকে আবারো একই পদে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে আবারো একই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

অধ্যাপক সায়েদুর রহমান বলেন, চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পদত্যাগ করেছিলেন তিনি। রিটায়ারমেন্ট প্রসেসের অংশ হিসেবে এটা করতে হয়েছে। আবার একই পদে নিযুক্ত হয়ে একই দায়িত্ব পালন করব। সবার দোয়া এবং সহযোগিতা চাই।

এর আগে বুধবার সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আজ আমার চাকরিজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে।’

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন।