অন্যরকম চ্যালেঞ্জিং চরিত্রে ইরফান সাজ্জাদ
Printed Edition
কিছু দিন আগেই ইউটিউবে প্রকাশিত হয়েছে জুবায়ের ইবনে বকর পরিচালিত নাটক ‘গুন্ডা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। এই প্রজন্মের আরেক জনপ্রিয় গুণী অভিনেতা ইরফান সাজ্জাদকে নিয়ে জুবায়ের ইবনে বকর তার নিজের রচনা ও পরিচালনায় আরো অনেক বেশি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করিয়েছেন। নাটকের নাম ‘ফায়ার ফাইটার : এ সাইলেন্ট হিরো’। এতে ইরফান সাজ্জাদ একজন অগ্নিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন বলে জানালেন পরিচালক। জুবায়ের ইবনে বকর বলেন, ‘নাটকে একজন ফায়ার ফাইটার বা অগ্নিযোদ্ধা চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। গল্পে দেখা যাবে যে ইরফান নানান সমস্যার মধ্যদিয়ে তার জীবন পার করে। একটা মেয়েকে তিনি ভালোও বাসেন, তার সঙ্গে এক পর্যায়ে বিয়েও ঠিক হয়। কিন্তু দেশের প্রয়োজনে বিয়ের আগের দিন একটি অপারেশনে যেতে হয় ইরফানকে। সেখানে এই অগ্নিযোদ্ধার মৃত্যু হয়। পরবর্তীতে তাকে রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়। একজন অগ্নিযোদ্ধার চরিত্রে ইরফান দুর্দান্ত অভিনয় করেছেন।’ ইরফান সাজ্জাদ বলেন, ‘ফায়ার ফাইটার কাজটি অনেক বছর ধরেই আমাদের করার কথা গল্পটা জুবায়ের ভাইয়ের। সত্যি বলতে কী সময় সুযোগ এবং বাজেট সবমিলিয়ে ব্যাটে বলে হচ্ছিল না বিধায় কাজটা করা হয়ে উঠছিল না। ফায়ার ব্রিগেড বা ফায়ার ফাইটার নিয়ে কাজ করতে বিগত ছয় মাসেরও বেশি সময় জুবায়ের ভাই অনেক সময় দিয়েছেন। কারণ স্ক্রিপ্ট দেখিয়ে অনুমতি নেবার বিষয় রয়েছে। সত্যি বলতে কী আমরা বিভিন্ন ধরনের গল্পই নাটকে দেখতে পাই। কিন্তু একজন ফায়ার ফাইটারের সত্যিকারের যে ত্যাগ তা উঠে আসে না। এতে অভিনয়ের জন্য আমি আমার ওজন কমিয়েছি। একজন ফায়ার ফাইটার সম্পর্কে বিশদ জানার চেষ্টা করেছি। কীভাবে কী করতে হয় তা যথাযথভাবে জানার চেষ্টা করেছি। মূল কথা একদম আগুন নেভানোর ক্ষেত্রে একজন ফায়ার ফাইটার কতটা চ্যালেঞ্জ এবং আত্মত্যাগ নিয়ে কাজ করে তা তুলে ধরার চেষ্টা করেছি আমরা। আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল। বলা যেতে পারে এটাও আমার একটা সিগনেচার ওয়ার্ক হিসেবে বিবেচিত হতে পারে আগামীতে।’ আগামী ঈদে ‘ফায়ার ফাইটার : এ সাইলেন্ট হিরো’ নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। উল্লেখ্য, এর আগে ইরফান সাজ্জাদ জুবায়ের ইবনে বকরের পরিচালনায় ‘শুধু তোমারই জন্য’, ‘উড়েছে এ মন’, ‘রোদ বৃষ্টি হুইল চেয়ার’, ‘ওয়ান ওয়ে’, ‘সমাবর্তন’, ‘ভুগিচুগি ফাইন্যান্স’ নাটকে অভিনয় করেছেন। ইরফান জানান আগামী ঈদে ‘আযান’, ‘গ্যাংস্টার ব্রোস’, ‘সুখ নদীর ওপাড়ে’, ‘নিয়নের শহরে’সহ আরো বেশ কিছু নাটকে দেখা যাবে তাকে। এছাড়া হানিফ সংকেতের ঈদ নাটকেও দেখা যাবে তাকে।