শান্তিচুক্তির ৯০ শতাংশ সম্পন্ন : জেলেনস্কি

Printed Edition
Int-3
ভলোদিমির জেলেনস্কি

বিবিসি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তাবিত শান্তিচুক্তি ‘৯০ শতাংশ’ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল ইংরেজি নববর্ষ উপলক্ষে দেয়া ভাষণে তিনি বলেন, চুক্তির বাকি ১০ শতাংশই ইউক্রেন ও ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণ করবে। জেলেনস্কি স্পষ্ট করে জানান, ইউক্রেন কোনো মূল্যে শান্তি চায় না। তিনি বলেন, ‘আমরা চাই যুদ্ধের অবসান, কিন্তু ইউক্রেনের অবসান নয়।’

তার এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, শান্তিচুক্তি কার্যকর করতে হলে ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণœ রাখতে হবে। আন্তর্জাতিক মহলও বিষয়টিকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের রুশ দাবির ইঙ্গিত দিয়ে জেলেনস্কি বলেন, এমন সিদ্ধান্তের অর্থ হবে সবকিছুর সমাপ্তি। বর্তমানে ডনবাসের দোনেৎস্ক অঞ্চলের প্রায় ৭৫ শতাংশ এবং লুহানস্ক অঞ্চলের প্রায় পুরো অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন নববর্ষের সংক্ষিপ্ত ভাষণে সেনাদের উদ্দেশে বলেন, তিনি তাদের ওপর এবং রাশিয়ার বিজয়ে আস্থা রাখেন। অপরদিকে মস্কো অভিযোগ করেছে, রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লেক ভালদাই এলাকায় পুতিনের ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলার চেষ্টা করেছে। প্রমাণ হিসেবে ক্রেমলিন একটি মানচিত্র ও ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করেছে। তবে কিয়েভ এই অভিযোগ অস্বীকার করেছে।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কায়া ক্যালাস অভিযোগটিকে শান্তিপ্রক্রিয়া ব্যাহত করার ‘পরিকল্পিত চেষ্টা’ বলে মন্তব্য করেছেন। ক্রেমলিন জানিয়েছে, ঘটনার পর শান্তি আলোচনার বিষয়ে তাদের অবস্থান পুনর্বিবেচনা করা হবে। এদিকে চলতি সপ্তাহে ফ্লোরিডায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে জেলেনস্কির বৈঠক হয়। জেলেনস্কির দাবি, ওয়াশিংটন ইউক্রেনকে ১৫ বছরের নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাব দিয়েছে, যদিও এর বাস্তবায়নের সময়সীমা এখনো নির্ধারিত হয়নি।