চট্টগ্রামে ১৫ কোটি টাকার ইয়াবাসহ ৯ কারবারি আটক
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনের সাথে জড়িত ৯ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সৈয়দ আলম (৪৫), সুলতান আহম্মদ (৫৫), মো: ইউসুফ (৪৫), মো: কাসিম (৩০), ইসমাইল (৪০), শাহ আলম (৩৫), আজম উল্লাহ (৫৭), মো: ফারুক (২৫), ছানাউল্লাহ (৫৭)।
র্যাব-৭ জানায়, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি ফিশিং বোটে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রামের পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় আনা হয়। এ তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রলার থেকে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়। পরে ট্রলারটি তল্লাশি করে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানান, তারা দীর্ঘ দিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে ফিশিং বোটের মাধ্যমে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় উচ্চমূল্যে বিক্রি করে আসছিল।