ইংল্যান্ডে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে হতাহত ৯০

Printed Edition

এবিসি নিউজ

যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দু’টি যাত্রীবাহী ট্রেনের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এই রেল দুর্ঘটনায় একটি ট্রেনের চালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৯০ জন যাত্রী। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের বরাতে খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে। যুক্তরাজ্যের রেল, সামুদ্রিক ও পরিবহন শ্রমিকদের জাতীয় ইউনিয়ন নিশ্চিত করেছে, দুর্ঘটনায় মৃত ব্যক্তিটি মূলত একটি ট্রেনের চালক ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহত ৯০ জনের মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই জরুরি উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে ২০টিরও বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের ডেপুটি চিফ কনস্টেবল স্টুয়ার্ট কান্ডি জানান, পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে সরকারিভাবে এটিকে একটি ‘বড় ধরনের দুর্ঘটনা’ হিসেবে ঘোষণা দিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।