পাকিস্তানে জোড়া বোমা হামলায় নিহত ৭
Printed Edition
জিও নিউজ
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এক জোড়া ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। গতকাল শনিবার মেরকা বেরা এলাকায় ঘটা এই হামলায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথম হামলাটি চালানো হয় সড়কের পাশে পেতে রাখা বোমার সাহায্যে। হাতি খেল গ্রাম থেকে বান্নু শহরের দিকে যাওয়া একটি যাত্রীবাহী ভ্যান ওই রাস্তা অতিক্রম করার সময় দূরনিয়ন্ত্রিত বিস্ফোরণটি ঘটে। এতে ভ্যানের ভেতরে থাকা পাঁচজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। ভয়াবহ এই ঘটনার পর স্থানীয় লোকজন যখন হতাহতদের উদ্ধারে এগিয়ে আসেন, ঠিক তখনই একই স্থানে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়। এতে উদ্ধারকাজে অংশ নেয়া আরো দু’জন ব্যক্তি নিহত হন। দ্বিতীয় দফার এই হামলায় একটি গাড়ি দুমড়ে-মুচড়ে যাওয়ার পাশাপাশি আরো তিনজন আহত হন।