ইসরাইলি অবৈধ বসতির সাথে ব্যবসা নিষিদ্ধ করছে নরওয়ে

Printed Edition

আলজাজিরা

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক আইন অমান্য করে গড়ে তোলা ইসরাইলি বসতিগুলোর সাথে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে নরওয়ে। এই লক্ষ্যে দেশটিতে একটি নতুন আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে নরওয়ে সরকার একটি গণপরামর্শ কার্যক্রম চালু করেছে, যার উদ্দেশ্য হলো এই নিষেধাজ্ঞার বিষয়ে জনমত সংগ্রহ করা।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত এই বিলটি আইনে পরিণত হলে ইসরাইলি বসতিতে তৈরি হওয়া যেকোনো পণ্য আমদানির পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। শুধু আমদানিই নয়, এই আইনের আওতায় ওইসব অবৈধ এলাকায় পণ্য রফতানি করা, জমি বা সম্পত্তি কেনা, বসতি নির্মাণ কিংবা বিক্রির কাজে কোনো ধরনের সেবা দেয়া এবং সেখানে থাকা কোনো ব্যবসাপ্রতিষ্ঠান কিনে নেয়ার ওপরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে। এ বিষয়ে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, ফিলিস্তিনের মাটিতে গড়ে ওঠা ইসরাইলি বসতিগুলো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এগুলো মূলত স্থায়ী শান্তি ও দুই রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকে ধ্বংস করে দিচ্ছে। তাই আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এই ব্যবস্থার সাথে বাণিজ্যিক লেনদেন বন্ধ করতে নরওয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

সরকারি ঘোষণা অনুযায়ী, প্রস্তাবিত এই আইনের বিষয়ে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত নাগরিকদের মতামত নেয়া হবে। জনসাধারণের কাছ থেকে পাওয়া প্রতিক্রিয়া ও পরামর্শগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার পরই বিলটি চূড়ান্ত পাসের জন্য দেশটির সংসদে পাঠানো হবে কি না, সেই সিদ্ধান্ত নেয়া হবে। ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইসরাইলের এই বসতি স্থাপনকে জাতিসঙ্ঘসহ বিশ্বের প্রায় সব আন্তর্জাতিক সংস্থা দীর্ঘ সময় ধরে বেআইনি বলে নিন্দা জানিয়ে আসছে।