ফরিদপুরে কর্মশালা

নিবন্ধিত হতে পারলে সাংবাদিকদের অধিকার আদায় সহজ হবে : বিচারপতি আব্দুল হাকিম

Printed Edition

ফরিদপুর প্রতিনিধি

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, নিবন্ধিত হতে পারলে সাংবাদিকদের অধিকার আদায় সহজ হবে। ২০০৭ সালের শ্রম আইনে সাংবাদিকদের বিষয়টি পরিষ্কার করা হয়েছে। তবে দেশের অনেক বিভাগ ও জেলা শহরে এখনো তারা নিবন্ধিত হতে পারেননি। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ওয়ার্কিং জার্নালিস্টরা কোথা থেকে আসে আমি জানি। তারা আসে সাংবাদিক ইউনিয়ন থেকে। সারা দেশের ১৮টি জেলায় তারা প্রেস কাউন্সিলের প্রতিনিধিত্ব করছে। তবে দেশের প্রাচীন একটি জেলা হওয়া সত্ত্বেও ফরিদপুর জেলায় এ ধরনের কোনো সাংবাদিক ইউনিয়ন নেই।

গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম একথা বলেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: নজরুল ইসলাম। আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো: আব্দুস সবুর। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো: মোজাম্মেল হোক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রেস কাউন্সিলের উদ্যোগে ৩০ জন সংবাদকর্মীর অংশগ্রহণে এ কর্মশালা আয়োজনের উদ্যোগ নেয়া হয়। জেলা তথ্য অফিস থেকে ফরিদপুর প্রেস ক্লাবের মাধ্যমে তাদের একটি তালিকাও সংগ্রহ করে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সকালে কর্মশালায় ফরিদপুর মহানগর প্রেস ক্লাবে সদস্য পরিচয়ে আরো ১৪ জন সেখানে উপস্থিত হন। এ অবস্থায় প্রেস কাউন্সিলের সচিব তার বক্তব্যে নির্দিষ্ট সংখ্যার চেয়ে অতিরিক্ত অংশগ্রহণকারী উপস্থিত হলে তাদের কী কী সমস্যা হয় তা তুলে ধরেন।