বুন্দেসলিগায় শিরোপা বায়ার্নেরই
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইউরোপের শীর্ষে ফুটবল লিগগুলোর একটি জার্মান বুন্দেসলিগা। এখানে অনেকটা একঘেয়ে হয়ে থাকে শিরোপা লড়াইটা। ব্যতিক্রম হলো না এবারো। নিজেদের মাঠে গত পরশু স্টুটগার্টকে ৪-২ ব্যবধানে হারিয়ে চার ম্যাচ হাতে রেখেই ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে প্রথম শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ। সব মিলে ভিনসেন্ট কোম্পানির দল ট্রফি কেবিনেটে যোগ করল লিগের রেকর্ড ৩৫টি শিরোপা। আর গত ১৪ আসরের মধ্যে ১৩ বার ট্রফি ঘরে তুলেছে বাভারিয়ানরা। ব্যতিক্রম ছিল শুধু ২০২৩-২৪ মৌসুমে। সেবার সবাইকে চমকে দিয়ে জাবি আলোনসোর হাত ধরে প্রথমবারের মতো লিগ শিরোপা জয় করে সবাইকে অবাক করে দিয়েছিল বায়ার লেভারকুজেন। আগের দিন হফেনহাইমের মাঠে বরুশিয়া ডর্টমুন্ড হেরে যাওয়ায় ট্রফি ধরে রাখার দ্বারপ্রান্তে ছিল বায়ার্ন। স্টুটগার্টের বিপক্ষে হার এড়ালেই লক্ষ্য পূরণ হলেও শেষ পর্যন্ত জয়ের মাধ্যমেই উৎসবে মাতল দলটি।
আলিয়াঞ্জ এরিনায় শিরোপার আমেজ নিয়েই মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। তবে প্রতিপক্ষের মাঠে বল পজিশন ও আক্রমণে পিছিয়ে থাকলেও শুরুর ২১ মিনিটে ক্রিস ফুরিথের গোলে করে এগিয়ে যায় স্টুটগার্ট। সেই ধাক্কা দ্রুতই সামলে নিলো স্বাগতিকরা। ৬ মিনিটের ঝড়ে শিরোপা নিশ্চিত হয় বায়ার্নের। ৩১ মিনিটে রাফায়েল গুয়েরেইরোর গোলে সমতায় ফেরে দলটি। ২ মিনিট পর লিগ চ্যাম্পিয়নদের ২-১-এ এগিয়ে নেন নিকোলাস জ্যাকসন। ৩৭ মিনিটে ব্যবধান ৩-১ করেন আলফানসো ডেভিস। ৫২ মিনিটে জালে বল পাঠিয়ে শিরোপা জয় প্রায় নিশ্চিত করে ফেলেন হ্যারি কেন। এ নিয়ে লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩২ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ইংলিশ এই ফরোয়ার্ড। ১৮ গোল নিয়ে তালিকার দুইয়ে আছেন স্টুটগার্টের ডেনিস উন্দাভ। ফলে এই মৌসুমেও লিগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে হ্যারি কেন। আর চলতি মৌসুমে এই পুরস্কার জয় করলে লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে নিজের প্রথম তিন মৌসুমেই এই পুরস্কার জয়ের কীর্তি গড়বেন ইংলিশ এই তারকা। স্টুটগার্টের হয়ে ম্যাচের ৮৮ মিনিটে সান্ত্বনাসূচক একটি গোল শোধ করেন চেমা আন্দ্রেস। এই জয়ে ৩০ রাউন্ড শেষে ৭৯ পয়েন্ট বায়ার্নের। ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড।
বুন্দেসলিগা শিরোপা ঘরে তোলায় মৌসুমজুড়ে দারুণ ধারাবাহিকতায় এগিয়ে চলা বায়ার্নের সামনে আছে ট্রেবল জয়ের হাতছানি। আগামীকাল জার্মান কাপের সেমিফাইনালে বায়ার লেভারকুজেনের মুখোমুখি হবে বায়ার্ন।