ইসরাইলের সাথে ইইউর চুক্তি বাতিলের আহ্বান স্পেনের
Printed Edition
আনাদোলু এজেন্সি
ইসরাইলের সাথে বিদ্যমান অংশীদারিত্ব চুক্তি আনুষ্ঠানিকভাবে ছিন্ন করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অনুরোধ জানাবে স্পেন। রোববার আন্দালুসিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেয়ার সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘোষণা দেন। সানচেজ স্পষ্ট করে বলেন যে সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং ইইউর মৌলিক নীতি ও মূল্যবোধের তোয়াক্কা করে না তারা কোনোভাবেই এই জোটের অংশীদার হতে পারে না। মঙ্গলবার লুক্সেমবার্গে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে স্পেন এই প্রস্তাবটি উত্থাপন করবে।
প্রধানমন্ত্রী সানচেজ ইউরোপীয় ইউনিয়নের অন্য সদস্য দেশগুলোকেও স্পেনের এই প্রস্তাব সমর্থন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসরাইলি জনগণের বিরুদ্ধে স্পেনের কোনো বিদ্বেষ নেই তবে বর্তমান ইসরাইল সরকারের পদক্ষেপের সাথে তারা একমত নন। সানচেজ বর্তমান ইরান ও ইসরাইল যুদ্ধকে একটি বিরাট ভুল হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, এই যুদ্ধের কারণে হাজার হাজার মানুষের লাশ পড়ছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। তিনি অবিলম্বে হামলা বন্ধ করার এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামানোর জোর দাবি জানান।
উল্লেখ্য, ২০২৪ সালে স্পেন এবং আয়ারল্যান্ড প্রথমবার ইসরাইলের সাথে করা এই চুক্তিটি পর্যালোচনার আহ্বান জানিয়েছিল। ২০২৫ সালের মে মাসে ইইউ এই চুক্তিটি পর্যালোচনায় সম্মত হয় এবং এর এক মাস পর ইউরোপীয় কমিশন জানায় যে ইসরাইল মানবাধিকার বাধ্যবাধকতা লঙ্ঘন করতে পারে এমন লক্ষণ পাওয়া গেছে।