খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

Printed Edition

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে নিউটন চাকমা (৪৭) নামে এক ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সদস্যকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। গতকাল সকাল ৯টার দিকে সদর উপজেলার আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (প্রসীত গ্রুপ)।

নিহত নিউটন চাকমা রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে। তিনি খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) সংগঠক অংগ্য মারমা জানান, সকালে নিউটন চাকমাসহ তাদের দুই সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। সেখানে অবস্থানকালে মোটরসাইকেলে করে আসা একটি সশস্ত্র দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় একজন পালিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা বলেন, এটি তাদের (প্রসীত খীসা গ্রুপ) অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে হতে পারে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কায় কিসলু বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা হবে।