বাউফলের উন্নয়নে সবাইকে দায়িত্ব নিতে হবে : ড. শফিকুল ইসলাম
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলের উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্ব নিতে হবে। মানুষের জীবনে সাফল্য আসে পরিশ্রমের মাধ্যমে। যে যত বেশি পরিশ্রম করবে, সে তত বেশি সফল হবে।
গতকাল শনিবার দুপুরে উপজেলার বিলবিলাম আবদুর রশিদ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যালয়ের মাঠে বালু দেয়ার বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে এবং ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলমের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, বাউফল সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুস সোবহান, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, অ্যাডভোকেট আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।